সিলেট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন বদরউদ্দিন আহমদ কামরান।
বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আযম খানের কাছ থেকে কামরান দায়িত্ব বুঝে নেন।
এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খান, পুলিশ সুপার এসএম রুহুল আমীন, সিটি করপোরেশনের নির্বাচিত সব কাউন্সিলরসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেয়র পদে দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর কামরান তাকে নির্বাচিত করায় নগরবাসীকে ধন্যবাদ জানান।
কামরান বলেন, "জীবন দিয়ে হলেও নগরবাসীর আস্থার প্রতিদান দিতে আমি প্রস্তুত। আমি সিলেট সিটি করপোরেশনকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আমি চাই নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।"
তিনি দাবি করেন, তার সময়ে সিটি করপোরেশন কখনও রাজনীতিকরণ হয়নি।
গত ৪ আগস্ট চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনে কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী কামরান বিপুল ভোটে সিলেটের মেয়র নির্বাচিত হন।
গত ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তির পর ৯ সেপ্টেম্বর তিনি শপথ নেন।
সিলেট মহানগরীর কিচেন মার্কেট অবৈধভাবে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ গত বছরের ৫ এপ্রিল আদালত কামরানসহ ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। ৮ মে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে তিনি কুমিল্লা জেল থেকে ছাড়া পান। এরপর ওই বছরের ২৯ মে সিলেট নগরীর গুলশান হোটেল থেকে তাকে আবার গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24