বরগুনা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা সদর উপজেলায় কিশোরী অপহরণ ও ধর্ষণের দায়ে জাহাঙ্গীর হোসেন (২৫) নামে একজনকে ৪৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক নূর মোহাম্মদ মোড়ল এ রায় দেন।
সদর উপজেলার বাওয়ালকর গ্রামের মজিবর মাস্টারের ছেলে জাহাঙ্গীর হোসেন রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহরণের দায়ে আদালত জাহাঙ্গীর হোসেনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আড়াই বছর কারাদণ্ড দিয়েছে। ধর্ষনের দায়ে তাকে আরও ৩৩ বছর সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার বছরের সশ্রম কারদণ্ডর দিয়েছেন বিচারক।"
তিনি বলেন, বিচারক তার রায়ে বলেছেন আসামিকে এই সাজা পৃথকভাবে ভোগ করতে হবে। অর্থাৎ জাহাঙ্গীর হোসেনকে মোট ৪৭ বছরের সাজা ভোগ করতে হবে।
বিচারক জরিমানার ৪০ হাজার টাকা নির্যাতিতা কিশোরীকে দেওয়ার আদেশ দিয়েছেন বলে আইনজীবী জানান।
তবে আসামি পক্ষের আইনজীবী আবদুল আজিজ সাংবাদিকদের বলেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
২০০৬ সালের ২১ জুলাই দুপুরে বাওয়ালকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল ছুটির পর জাহাঙ্গীর হোসেন অপহরণ করে আনোয়ার মিয়ার ইটের ভাটায় নিয়ে আটকে রেখে ধষর্ণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24