ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে- এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমেই বাড়ছে। কমছে 'শূন্য পাস' প্রতিষ্ঠানের সংখ্যা।
একশ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে- ২০০২ সালে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২১। ২০০৮ এ এসে এ সংখ্যা বেড়ে ৬৭৪টিতে দাঁড়িয়েছে।
অন্যদিকে ২০০২ সালে ৫৫৩টি প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি, তা কমতে কমতে এবার দাঁড়িয়েছে ৪১টিতে।
বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "২০০২ সালে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ২১টি। এটি ধারাবাহিকভাবে বেড়ে ২০০৩ সালে ৪৪, ২০০৪ সালে ৮৩, ২০০৫ সালে ২৭২, ২০০৬ সালে ৩৬৩ এবং ২০০৭ সালে ৪৩৪টি হয়। এবার এই সংখ্যা বেড়ে হয়েছে ৬৭৪টি।"
অন্যদিকে ২০০২ সালে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৫৫৩টি। এটি ধারাবাহিক কমে ২০০৩ সালে ২৯৮, ২০০৪ সালে ২৭৮, ২০০৫ সালে ২৭২, ২০০৬ সালে ৮৬ এবং ২০০৭ সালে ৬০টিতে দাঁড়ায়। এবার হয়েছে ৪১টি।
শিক্ষা উপদেষ্টা জানান, শূন্য পাস প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের সরকারি বেতন-ভাতা স্থগিত রাখা হবে। পরবর্তী সময়ে ভালো ফল করতে পারলে আবার তা দেওয়া শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24