২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে নিবন্ধন দেওয়ার অধিকার ইসির নেই: কৃষক শ্রমিক জনতা লীগ

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে জামায়াতে ইসলামীকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। জরুরি অবস্থা তুলে নিয়ে অবিলম্বে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 06:41 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে জামায়াতে ইসলামীকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। জরুরি অবস্থা তুলে নিয়ে অবিলম্বে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি। মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক শেষে কৃষক-শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার সাংবাদিকদের বলেন, "কোনভাবেই জামায়াতকে নিবন্ধন দেওয়া যাবে না। জামায়াতসহ যুদ্ধাপরাধী সংগঠনগুলোকে নিবন্ধন দেওয়ার কোনও অধিকার ইসির নেই।" তিনি বলেন, "আমরা অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছি।" উপজেলা নির্বাচন প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, "জাতীয় নির্বাচন ব্যাহত হতে, এমন কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলেছি আমরা। আমাদের দল মনে করে, উপজেলা নির্বাচন আগে করলে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে।" কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন এ দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়। দলের নেতৃত্ব দেন হাবিবুর রহমান তালুকদার। অপর সদস্যরা হলেন- নাসরিন সিদ্দিকী, কামালউদ্দিন আহমদ, ইকবাল সিদ্দিকী ও এএইচ আবদুল হাই। কৃষক শ্রমিক জনতা লীগের পর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-জিকু) সঙ্গে বৈঠকে বসে ইসি। দলের কার্যকরী সভাপতি অধ্যাপক মো. শফিকের নেতৃত্বে সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, আবুল খায়ের সাজ্জাদ, নূরুল আমিন ভূইয়া ও নুরুল আক্তার সংলাপে অংশ নেন। বৈঠক শেষে মালেক রতন সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে, আগামী তিন চার দিনের মধ্যে উপজেলা নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি একসঙ্গে ঘোষণা করবে।" তিনি জানান, বন্যার কারণে পরিকল্পনার চেয়ে কিছু কম উপজেলায় নির্বাচন করা হবে বলেও ইসি জানায়। জাতীয় নির্বাচনের আগে উপজেলা এবং জরুরি অবস্থায় নির্বাচনে নিজেদের অনাপত্তির কথাও জাসদ জানায়। জাসদের (জিকু) সঙ্গে সংলাপ শেষে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-মোজাফফর) সঙ্গে বৈঠক করে ইসি। দলের সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- আমেনা আহমেদ, এমএ গণি, আব্দুল ওয়াহাব ও ইসমাইল হোসেন। এর পরপরই আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসে ইসি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির তৃতীয় দফা সংলাপ গত শনিবার শুরু হয়। প্রথম তিন দিনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্প ধারা, জাসদ (ইনু), এলডিপি ও জাতীয় পার্টি (জেপি) সংলাপে অংশ নেয়। এবার সংলাপে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় ইসি। তবে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট সংলাপে আসেনি। গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন। এরপর দ্বিতীয় দফা সংলাপ হয় এ বছর ফেব্র"য়ারিতে। সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে। এর আগে অক্টোবরে উপজেলা নির্বাচনের পরিকল্পনা করছে ইসি। তবে আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ দল সংসদের আগে উপজেলা নির্বাচনের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/এমআই/১৪৫৬ ঘ.