ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই কারাবন্দি কাউন্সিলরকে পুলিশি পাহারায় শপথ অনুষ্ঠানে নিয়ে যেতে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দুই কাউন্সিলর হলেন- সিলেট সিটি করপোরেশনের জগদীশ চন্দ্র দাস এবং খুলনা সিটি করপোরেশনের গোলাম মাওলা শানু।
প্রজ্ঞাপনে বলা হয়, মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন মিলনায়তনে সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হবে। এসব অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে তাদের (কারাবন্দি দুই কাউন্সিলর) পুলিশি পাহারায় অনুষ্ঠানস্থলে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক, উপ মহা কারা পরিদর্শক, ঢাকা জেলার পুলিশ সুপার, র্যাবের মহাপরিচালক ও সব গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
গত ৪ আগস্ট চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটিগুলোতে চারজন মেয়র, ১১৮ জন কাউন্সিলর ও ৩৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/এমএইচবি/২০২০ ঘ.
bdnews24