২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমাহীন দুর্নীতি কতটা সীমাবদ্ধ হয়েছে জানান: আকবর আলি

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি নির্মূলে কতটা সফল হয়েছে ক্ষমতা ছাড়ার আগে দেশবাসীকে তা জানানো উচিত বলে মনে করেন রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলি খান। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি নির্মূলে কতটা সফল হয়েছে ক্ষমতা ছাড়ার আগে দেশবাসীকে তা জানানো উচিত বলে মনে করেন রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলি খান। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা এ কথা বলেন। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা এ অভিজ্ঞ আমলা চার মাস পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় তিনি বলেন, "প্রধান উপদেষ্টা দেশে সীমাহীন দুর্নীতি ছিল বলে বার বার উল্লেখ করেছেন। সেই সীমাহীন দুর্নীতি কতটা সীমাবদ্ধ হয়েছে বা তত্ত্বাবধায়ক সরকার কতটা সীমাবদ্ধ করতে পেরেছে তা জানার অধিকার দেশের মানুষের আছে। আমার বিশ্বাস, সরকার তার প্রতিশ্র"তি কতটা বাস্তবায়ন করতে পেরেছে, তা অবশ্যই দেশবাসীকে জানাবে।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালে বিভিন্ন বিষয়ে খোলামেলা অভিমত দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন অর্থনীতিতে গতি সঞ্চারের জন্য গঠিত আরআরসি চেয়ারম্যান। অসুস্থতার কারণে আকবর আলি খান বেশি কিছু বলেননি। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানটিতে তিনি হুইল চেয়ারে চড়ে আসেন। গত জুন মাসে যুক্তরাষ্ট্রে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে গত ২৪ জুলাই তিনি দেশে ফেরেন। রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে আপনি কতটা আশাবাদী- সাংবাদিকরা এ প্রশ্ন করলে আকবর আলি বলেন, "আমি এখনও আশা করি, ডিসেম্বরের মধ্যেই সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবে।" সরকার দুর্নীতিবিরোধী অভিযান থেকে পিছু হটেছে বলে মনে করেন কিনা- জানতে চাওয়া হলে সাবেক উপদেষ্টা বলেন, "আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এখনও সময় আছে, দেখা যাক কী হয়।" আকবর আলি বলেন, "শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে ধ্বংসাত্মক বলে ঢালাওভাবে দোষারোপ করা হয়। কিন্তু ডাক্তার, উকিল, শিক্ষকসহ দেশের সব পেশাজীবী সংগঠনই আজ দলীয়ভাবে বিভক্ত। সব জায়গাতেই দলাদলি। এটাই দেশের জন্য সবচেয়ে বেশি ধ্বংসাত্মক।" সারাবিশ্বে ফিজিওথেরাপির চাহিদা বাড়ছে উল্লেখ করে বাংলাদেশ এর প্রসারে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এসকে/১৭৩৯ঘ.