ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন মেনে না নেওয়ার কথা জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় পার্টি (জেপি)। তবে দুই নির্বাচনের তফসিল এক সঙ্গে ঘোষণা করার পক্ষে দল দুটি।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে এলডিপি ও জেপি তাদের এ অবস্থানের কথা জানিয়েছে।
ইসির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এলডিপি সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, "আমরা সবার আগে জাতীয় নির্বাচন চাই। কোনভাবেই জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন আমরা মেনে নেব না।"
একইসঙ্গে তিনি বলেন, "জাতীয় ও উপজেলা নির্বাচনের তফসিল এক সঙ্গে ঘোষণা করা যেতে পারে। সে ক্ষেত্রে জাতীয় নির্বাচনের ১৫ দিনের পর উপজেলা নির্বাচন করা যেতে পারে।"
এলডিপি জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়ারও দাবি জানিয়েছে।
ইসির সঙ্গে বৈঠকে এলডিপির প্রতিনিধি দলে ছিলেন- অলি আহমদ, রেদোয়ান আহমেদ, আলমগীর কবির ও অধ্যাপিকা জাহানারা বেগম।
এলডিপির পর আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) সঙ্গে বৈঠকে বসে ইসি।
বৈঠক শেষে জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছি। একসঙ্গে জাতীয়, উপজেলা পরিষদ ও ঢাকা সিটি কর্পোরেশনের তফসিল একসঙ্গে ঘোষণার পক্ষে মত দিয়েছি আমরা। তবে এ বিষয়ে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ইসি সিদ্ধান্ত নিতে পারে।"
জেপির প্রতিনিধি দলে ছিলেন- শেখ শহীদুল ইসলাম, সাদেক সিদ্দিকী, আবদুর রহিম, আমেনা বারী ও মফিজুল হক বেবু।
রোববার জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপের সূচি নির্ধারিত থাকলেও চারদলীয় জোটের এ দল দুটি এতে অংশ নেয়নি। তবে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে দুটি চিঠি পাঠিয়ে সব দলের অংশগ্রহণে নিশ্চিত করে সবার আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে দল দুটি।
জোট শরিক বিএনপিও রোববার নির্ধারিত সময়ে সংলাপে অংশ নেয়নি।
তৃতীয় দফা সংলাপের শেষ দিন মঙ্গলবার আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক জনতা লীগ, জাসদ (জিকু) ও ন্যাপ (মোজাফফর) এর সঙ্গে ইসির বৈঠকের কথা রয়েছে।
আওয়ামী লীগ এক চিঠিতে ইসিকে জানিয়েছে, সংলাপে তাদের আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।
সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী নেতৃত্বে ওই দলে থাকবেন- আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার ও সৈয়দ আশরাফুল ইসলাম।
তৃতীয় দফা সংলাপ গত শনিবার শুরু হয়। শনি ও রোববার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্প ধারা ও জাসদ (ইনু) সংলাপে অংশ নেয়।
এবার সংলাপে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।
গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন। এরপর দ্বিতীয় দফা সংলাপ হয় এ বছর ফেব্র"য়ারিতে।
সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে। এর আগে অক্টোবরে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা করছে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/এমআই/১৭১৭ ঘ.
bdnews24