২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ, আব্বাস ও সিলভার সেলিমের জামিন

তিন বিএনপি নেতা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, গৃহায়ন ও পূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ও সাংসদ সিলভার সেলিম পৃথক মামলায় তিন মাসের জামিন পেলেন সোমবার। হাইকোর্ট জামিন দেওয়া ছাড়াও মওদুদ ও মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা তিনটির কার্যক্রমও তিন মাসের জন্য স্থগিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বিএনপি নেতা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, গৃহায়ন ও পূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ও সাংসদ সিলভার সেলিম পৃথক মামলায় তিন মাসের জামিন পেলেন সোমবার। হাইকোর্ট জামিন দেওয়া ছাড়াও মওদুদ ও মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা তিনটির কার্যক্রমও তিন মাসের জন্য স্থগিত করেছে। দুইটি আয়কর মামলায় মওদুদ আহমেদ, দুর্নীতি মামলায় মির্জা আব্বাস ও চাঁদাবাজির মামলায় সিলভার সেলিমকে জামিন দিয়েছে হাইকোর্ট। এদিকে সুপ্রিম কোর্ট দুইটি মামলায় ড. খন্দকার মোশাররফ হোসেন, একটি করে মামলায় এ কে এম মোশাররফ হোসেন, মহিউদ্দিন খান আলমগীর ও বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আক্তার হামিদ পবনকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ এক মাসের জন্য স্থগিত করেছে। সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. জয়নুল আবেদীন হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। একই আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের জন্য সরকারের আবেদন ত্র"টিপূর্ণ হওয়ায় কার্যতালিকা থেকে বাদ দিয়েছে। এর ফলে আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে দায়ের করা এ দুটি মামলার কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল থাকল বলে তার কৌসুলী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন। মওদুদ আহমেদ ও মির্জা আব্বাসের পৃথক তিনটি রিট আবেদনের রিটের ওপর শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সোমবার তাদের জামিন ও মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন। এছাড়া মামলা তিনটি দায়ের ও কার্যক্রম পরিচালনাকে কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না সরকার, জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশনকে আগামী ছয় সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলে রুল জারি করা হয়েছে। মওদুদ ও মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান ইলা ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম। গত ২৭ আগস্ট মতিঝিল থানায় বেনামে ১ কোটি ৯০ লাখ টাকা এফডিআর রাখার অভিযোগে পুলিশ ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর ৩১ আগস্ট তার বিরুদ্ধে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে এনবিআর ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দেয়া আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া ও করফাঁকির অভিযোগে মামলা দায়ের করে। মির্জা আব্বাসের বিরুদ্ধে ১৮ টি সরকারি বাড়ি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক মামলা দায়ের করে। বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি ফরিদ আহম্মদের হাইকোর্ট বেঞ্চ একটি চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপির সাংসদ সিলভার সেলিমকে তিন মাসের জামিন দিয়েছে। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫৫৬ঘ.