২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় র‌্যাবের 'এনকাউন্টারে' জলদস্যু নিহত

বরগুনার পাথরঘাটা উপজেলায় সোমবার সকালে র‌্যাবের 'এনকাউন্টারে' এক জলদস্যু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

বরগুনা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলায় সোমবার সকালে র‌্যাবের 'এনকাউন্টারে' এক জলদস্যু নিহত হয়েছে। উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামের খালের পাড়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। নিহতের নাম মীর মোশাররফ হোসেন মল্লিক। তার বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা মাহাবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "সোমবার সকালে এক দল জলদস্যু মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পাশের খালে বসে অপরাধের পরিকল্পনা করার সময় র‌্যাব তাদের ঘেরাও করে। তখন দস্যূরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় মীর মোশাররফ হোসেন মল্লিক নামে এক জলদস্যু।" র‌্যাব কর্মকর্তা আবদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে থানায় একটি মামলা করেছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আমিন। বরগুনায় বেশ কিছু দিন ধরে জলদস্যুদের উপদ্রবের কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছে না। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলতি বছরের মে মাস থেকে এ পর্যন্ত ১৪৩ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে জলদস্যুরা। এর মধ্যে ১৩০ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।" জলদস্যু দমনে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখলে জেলেরা সাগরে নিরাপদে মাছ শিকার করতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫০ ঘ.