ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্ত তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশ যেতে ভিসা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তারেকের আইনজীবী আহমেদ আজম খান জানিয়েছেন, যুক্তরাজ্য ও জার্মানি- এ দুটি দেশের ভিসা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অ্যাডভোকেট খান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ার কাজ আজ (সোমবার) শেষ হবে। আমি এখন ব্রিটিশ হাইকমিশনেই রয়েছি। কাল (মঙ্গলবার) জার্মানির ভিসার কাজ শুরু করব।"
ভিসা পেলে সম্ভাব্য দ্রুততম সময়ে তারেক রহমানকে বিদেশ নিয়ে যাওয়া হবে বলে আজম খান জানান।
আজম খান আরও জানান, তারেক ছাড়াও যুক্তরাজ্যের ভিসার জন্য তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং চিকিৎসক কাজী মাজহারুল ইসলাম দোলনের জন্য তিনটি আবেদন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব তারেক রহমান গত ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।
২০০৭ সালের ৮ মার্চ তারেককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/১৪২৯ঘ.
bdnews24