২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলার অভিযোগ গঠন ১১ সেপ্টেম্বর

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। সোমবার সকাল সোয়া ১১টায় ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: মাসদার হোসেন অভিযুক্তদের উপস্থিতিতে এ তারিখ ধার্য করেন। এদিন মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য থাকলেও আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্র্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটররা এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেই বলে অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতের কাছে সময় চান। দ্রুত বিচারের মামলা হওয়ায় বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য মাত্র তিনদিন পিছিয়ে ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সোমবার এ মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নানের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহারের আবেদনের শুনানি গ্রহণ করার কথা ছিল। অপর অভিযুক্ত উজ্জ্বল হোসেন রতনের অসুস্থতা সম্পর্কে কারা চিকিৎসকের প্রতিবেদন আদালতে উপস্থাপনেরও কথা ছিল। আগামী ১১ই সেপ্টেম্বর ওই শুনানি গ্রহণ এবং আদালতে প্রতিবেদন পাঠানোর জন্যও দিন ধার্য করা হয়েছে। মুফতি হান্নান ও জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ দেশের বিভিন্ন কারাগারে থাকা এ মামলার ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা শাহাদতুল্লাহ জুয়েলও আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় আট আসামি পলাতক রয়েছে। মামলায় নতুন নিয়োগপ্রাপ্ত এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যেকোন মামলার বিচার ১৩৫ দিনের মধ্যে শেষ করার কথা থাকলেও এ মামলার বিচার বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা অভিযোগ গঠনের পরপরই অভিযুক্তরা এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন।" এর আগে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলাটির অভিযোগ গঠনের শুনানি চলছিল। গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত উভয় মামলা বিচারের জন্য ঢাকার ১নং দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে প্রজ্ঞাপন জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসকে/১৩০৬ঘ.