২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, কয়েকটিতে উন্নতি

পদ্মা, যমুনা ও ধলেশ্বরীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুর ও মুন্সীগঞ্জে রোববার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তবে সুনামগঞ্জ ও ফরিদপুরে সামান্য উন্নতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা, যমুনা ও ধলেশ্বরীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুর ও মুন্সীগঞ্জে রোববার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তবে সুনামগঞ্জ ও ফরিদপুরে সামান্য উন্নতি হয়েছে। আমাদের প্রতিনিধির পাঠানো খবর- সুনামগঞ্জ: সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দোয়রাবাজার উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। শনি ও রোববার বৃষ্টিপাত না হওয়ায় বন্যা কবলিত ৭টি গ্রামে পানি কমেছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান খান জানান, বৃষ্টিপাত কম হওয়া ও পাহাড়ি ঢল বন্ধ হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থির উন্নতি হয়েছে। সুরমার পানি গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার কমে রোববার দুপুরে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দোয়ারাবাজার উপজেলা নিার্বহী কর্মকর্তা জিয়া উদ্দীন জানান, বন্যার সার্বিক পরিস্থিতি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব এখনও পাওয়া যায়নি। স্থানীয় সাংবাদিক হাবিবউল্লাহ হেলালী জানান, টানা কয়েকদিন বৃষ্টিপাতের রোববার থেকে বন্যা কবলিত এলাকায় পানি কমতে শুরু করেছে। পানি কমলেও দুর্ভোগ এখনও কমেনি। দুর্গত মানুষদের কোনো সাহায্য দেওয়া হয়নি। পাঁচদিন পর খুলে দেওয়া হয়েছে দোয়ারাবাজার কলেজ। জামালপুর: জামালপুরের বন্য পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৩ সেন্টিমিটার বেড়ে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই, ঝাড়কাটা ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো'র নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে বলেও জানান তিনি। ইসলামপুরের নওয়ারপাড়া ইউনিয়নের হাগিলা বাজার এলাকায় যমুনায় ব্যাপক ভাঙন হয়েছে। ভাঙন এলাকার ১৫ ফুট দূরে রয়েছে নওয়ারপাড়া ইউনিয়ন পরিষদ। মেলান্দহের ঝাউগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তফিল উদ্দিন জানান, তার ইউনিয়নের শতকরা ৬০ ভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ইসলামপুরের পাথসি ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানান, তার ইউনিয়নের প্রায় পুরোটাই প্লাবিত হয়েছে। প্রায় চার হাজার হেক্টর রোপা আমন পানিতে তলিয়ে গেছে। ফরিদপুর: ফরিদপুরের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। রোববার গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়। পাউবো'র নির্বাহী প্রকৌশলী মো. রফিকউল্লাহ জানান, পানি হ্রাসের মাত্রা কম হওয়ায় ভাটিতে সদর ও চরভদ্রাসন উপজেলায় বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, সদরপুর উপজেলার দিয়াড়া নারিকেলবাড়িয়া, চরনাসিরপুর, ঢেউখালী, চরমানাইর ও আকটেরচর ইউনিয়নের ৮ হাজার এবং ভাঙ্গা উপজেলার চান্দা, আজিমনগর ও নাসিরাবাদ ইউনিয়নের ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শহর রক্ষা বাঁধের ১০ ফুট অংশ ধসে যাওয়ায় পাউবো শনিবার রাতে মেরামত কাজ শুরু করেছে বলেও জানান তিনি। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান ফারুকী জানান, জেলা সদরের সঙ্গে চরভদ্রাসন উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ এক সপ্তাহের অধিক সময় ধরে বন্ধ রয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত সদর উপজেলার নর্থ চ্যানেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ শনিবার ধসে গেছে বলেও জানান তিনি। মাহবুবুর রহমান ফারুকী আরও জানান, তার উপজেলার ৫টি ইউনিয়নে বন্যা কবলিত এলাকার মানুষ তীব্র খাদ্য, পানি ও আশ্রয় সংকটে ভুগছে। বন্যা দুর্গতরা বেড়িবাঁধ ও সড়কের উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সাহায্য হিসেবে ৭৫ মেট্রিক টন চাল এবং নগদ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। চরভদ্রাসনের ইউএনও রাহিমা আক্তার জানান, তার উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় পদ্মা নদীতীর সংরক্ষণ বাঁধের ৫০ মিটার শনিবার রাতে ধসে যাওয়ার পর পাউবো সেখানে জিও ব্যাগ এবং সিসি ব্লক নিক্ষেপ করছে। তিনি বলেন, "চরভদ্রাসন সদর, ঝাউকান্দা, হরিরামপুর ও গাজীর টেক ইউনিয়নে মোট ১০ হাজার বন্যা দুর্গত আছে। দুর্গতদের মাঝে এ পর্যন্ত ৩৮ মেট্রিক টন চাল ও নগদ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।" এখনও কোনো আশ্রয় কেন্দ্র খোলা হয়নি বলেও জানান তিনি। পাউবো নির্বাহী প্রকৌশলী মো. রফিকউল্লাহ আরও জানান, সদরপুর উপজেলার দিয়াড়া নারিকেলবাড়িয়া, চরনাসিরপুর, ঢেউখালী, চরমানাইর ও আকটেরচর ইউনিয়নের ৮ হাজার এবং ভাঙ্গা উপজেলার চান্দা, আজিমনগর ও নাসিরাবাদ ইউনিয়নের ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত এক মাসের অধিক সময় ধরে ৪টি উপজেলার ১৮টি ইউনিয়নের প্রায় ৬৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছে বলে জানায় পাউবো। মুন্সীগঞ্জ: পদ্মা ও ধলেশ্বরীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রোববার মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ঢাকা-শ্রীনগর-দোহার সড়ক এবং ঢাকা-হাসাইল সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-হাসাইল সড়কের পপি সিনেমা ও সাতুল্লা পয়েন্টে পানির প্রবল স্রোত বয়ে যাচ্ছে। ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের শ্রীনগর উপজেলার বালসুর এলাকায় তীব্র স্রোতে রাস্তার কিছু কিছু অংশ ভেঙ্গে গেছে। বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা জেলা ত্রাণ কর্মকর্তা রওশন আলী পাউবোর বরাত দিয়ে জানান, রোববার পদ্মার ভাগ্যকূলে পানি ২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপর এবং ধলেশ্বরীর পানি ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, ৯ম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার নাসিম আক্তার রোববার মুন্সীগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশসন ও নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে বৈঠক করেছেন। টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-বানারী, পাঁচগাঁও, শ্রীনগরের ভাগ্যকূল ও বাঘরা এবং লৌহজংয়ে পদ্মার ভাঙন বেড়েছে বলেও জানান রওশন আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২১৫৩ ঘ.