২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার তিন পাটকলে শ্রমিকদের প্রথম দিনের কর্মসূচি পালন

বকেয়া পরিশোধসহ আট দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রশাসনিক ভবন ও কর্মকর্তাদের আবাসিক এলাকার পানি ও বিদ্যুৎ সংযোগ রোববার সকালে বিচ্ছিন্ন করে দেয় আন্দোলনকারী শ্রমিকরা। তবে কর্তৃপক্ষের উদ্যোগে স্টার, প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিলে সন্ধ্যা ৬টার দিকে আবার পানি ও বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

খুলনা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া পরিশোধসহ আট দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রশাসনিক ভবন ও কর্মকর্তাদের আবাসিক এলাকার পানি ও বিদ্যুৎ সংযোগ রোববার সকালে বিচ্ছিন্ন করে দেয় আন্দোলনকারী শ্রমিকরা। তবে কর্তৃপক্ষের উদ্যোগে স্টার, প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিলে সন্ধ্যা ৬টার দিকে আবার পানি ও বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। আন্দোলনকারী শ্রমিকরা সকাল ১১টার দিকে পাটকল তিনটির প্রশাসনিক ভবন ও আবাসিক এলাকার সামনে অবস্থান নিয়ে সংযোগগুলো বিচ্ছিন্ন করে এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত সেখানে অবস্থান করেন। বকেয়া পরিশোধসহ আট দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক উন্নয়ন সংগ্রাম কমিটি এ কর্মসুচিসহ আন্দোলনের আরও কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে সোমবার কর্মসূচির দ্বিতীয় দিনে কাফনের কাপড় পরে ও কফিন নিয়ে শিল্পাঞ্চলে মিছিল করবেন শ্রমিকরা। ১৫ সেপ্টেম্বর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মাহুতি দেওয়ার কর্মসূচিও রয়েছে। ক্রিসেন্ট জুট মিলের ভারপ্রাপ্ত প্রকল্প প্রধান মুজিবুর রহমান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা কর্মকর্তাদের আবাসিক এলাকায় পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর সন্ধ্যা ৬টায় আবার কর্তৃপক্ষের উদ্যোগে সংযোগ চালু করা হয়। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নগর বিশেষ শাখার (সিএসবি) সহকারী কমিশনার হায়দার আলী বলেন, "পাটকল শ্রমিকরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাটকল কর্মকর্তাদের আবাসিক এলাকার পানি ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করেছে। কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশ বাধা দেয়নি।" রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা গাজী মাসুম বলেন, "আত্মাহুতি দেওয়া ছাড়া আমাদের সামনে আর বিকল্প কোন রাস্তা খোলা নেই। দীর্ঘদিন ধরে আমরা দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছি। কিন্তু বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) আমাদের দাবির প্রতি কোন ভ্রক্ষেপ করছে না।" তিনি বিজেএমসি'র বিলুপ্তি ঘোষণার এবং যেসব অসাধু সিবিএ নেতা ও মিল কর্মকর্তাদের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তাদের সম্পদের হিসাব নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি এ সব নেতা ও কর্মকর্তাদের বিচার দাবি করেন। গাজী মাসুম জানান, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলে শ্রমিকদের বকেয়া মজুরির পরিমাণ ২৪ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া লে-অফ বেনিফিটসহ কয়েকটি খাতে মোটা অংকের টাকা শ্রমিকদের পাওনা রয়েছে। বিজেএমসি মিলগুলোকে পাট কেনার জন্য টাকা না দেওয়ায় মিলগুলোর উৎপাদনও স্থবির হওয়ার পথে। গত ২৭ জুলাই বিজেএমসি, প্রশাসন ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ৩১ আগষ্টের মধ্যে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার বিজেএমসির একটি দল আবারও পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে পরদিন শুক্রবার আন্দোলন কর্মসুচি ঘোষণা করে। শ্রমিকদের দাবির মধ্যে আরও আছে- পাটকল তিনটির ব্যাংক ঋণ মওকুফ, পাট কেনার জন্য অর্থ প্রদান, উৎসব ভাতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এমএইচবি/২১১৫ ঘ.