বাগেরহাট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরে প্রতিমা ভাংচুরের ঘটনায় শনিবার রাতে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
লখপুর সার্বজনীন পুজা মন্দিরের পুরোহিত জীবন মুখার্জী ফকিরহাট থানায় মামলাটি করেছেন।
এছাড়া বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় ভাংচুরের বিষয়টি জানিয়ে বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রোববার একটি প্রতিবেদন দিয়েছে পুলিশ। বিরোধপূর্ণ ওই জমিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় লখপুর বাসস্ট্যাণ্ডের কাছে বিরোধপূর্ণ একটি জমিতে দূর্গা প্রতিমা স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মন্দিরের পুরোহিত জীবন মুখার্জীসহ দুজন আহত হন।
এ সময় অন্তত চারটি প্রতিমা ভাংচুর করা হয়। পুলিশ এই ঘটনায় স্থানীয় আচার্য প্রফুল্ল চন্দ্র (এপিসি) ল্যাবরেটরিজের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিমা ভাংচুরের ঘটনায় লখপুর সার্বজনীন পুজা মন্দিরের পুরোহিত জীবন মুখার্জী গ্রেপ্তারকৃত দু'জনসহ ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।
তবে তিনি অপর আসামিদের নাম জানাতে পারেননি।
ওসি এরশাদুল কবীর আরও জানান, গ্রেপ্তারকৃত আচার্য প্রফুল্ল চন্দ্র (এপিসি) ল্যাবরেটরিজের ব্যবস্থাপক আলী আজম ও সুপারভাইজার শারাফতকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সকালে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিবদমান দুপক্ষকে ডেকে বিরোধপূর্ণ জমির কাগজপত্র দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এপিসি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ডা. বাহারুল আলম, লখপুর সার্বজনীন পুজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন মিত্র, ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী, ফকিরহাটের বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমির মালিকানার বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের মাধ্যমেই তা নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ফকিরহাটের সহকারী কমিশনারকে (ভূমি) বিরোধপূর্ণ জমি পরিমাপ করে প্রতিমা স্থাপনের স্থানটির অবস্থান চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমা ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়ে রোববার বিবৃতি দিয়েছে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ।
পরিষদ নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন- জেলা পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মিলন ব্যানার্জী, জেলা কমিটির সভাপতি অমিত রায়, অসীম সরকার, সঞ্জয় গোস্বামী, অবনীশ চক্রবর্ত্তী এবং জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শিব প্রসাদ ঘোষ, লিটন সরকার, স্বপন দাস প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24