২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গুদামসহ ১৯টি দোকান পুড়ে গেছে

জেলার কালিহাতী উপজেলা সদরের বাস স্ট্যান্ডের পাশে একটি মার্কেটে শনিবার গভীর রাতে আগুনে গুদামসহ ১৯ দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার কালিহাতী উপজেলা সদরের বাস স্ট্যান্ডের পাশে একটি মার্কেটে শনিবার গভীর রাতে আগুনে গুদামসহ ১৯ দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। কালিহাতীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম নুরুল ইসলাম জানান, রাত ১২টার দিকে মার্কেটের শান্ত মেডিক্যাল হল নামের একটি ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং আশপাশে ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে টাঙ্গাইল ও মধুপুর থেকে দমকল বিভাগের দুই ইউনিট এসে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- শান্ত মেডিক্যাল হল, লিটন হার্ডওয়্যার, গোসাই হার্ডওয়্যার, কন্যা গ্লাস হাউজ, কাকলী অ্যান্ড ব্রাদার্স, হযরত আলীর টিনের দোকান এবং এগুলোর গোডাউন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলা রঞ্জন দাশ রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭২৯ ঘ.