২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও বগুড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সিরাজগঞ্জ ও বগুড়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের তাৎক্ষণিক সাহায্যের পাশাপাশি বন্যার পর প্রয়োজনে গৃহ নির্মাণে সহায়তার আশ্বাস দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 06:09 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সিরাজগঞ্জ ও বগুড়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের তাৎক্ষণিক সাহায্যের পাশাপাশি বন্যার পর প্রয়োজনে গৃহ নির্মাণে সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টা রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী এলাকায় ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। তিনি বন্যা আক্রান্ত মানুষের খোঁজ খবর নেন। প্রধান উপদেষ্টা সেখানে সাংবাদিকদের বলেন, "ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে যারা এ বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে খয়রাতি চাল ও অর্থ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে আরও সাহায্য দেওয়া হবে। বন্যার পর প্রয়োজন সাপেক্ষে গৃহ-নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হবে।" ফখরুদ্দীন আহমদ বলেন, "সিরাজগঞ্জ শহরবাসীকে রক্ষা করতে পারাটাও একটা বড় ব্যাপার। নদী ভাঙন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড প্রকল্প নিয়েছে। এ সব প্রকল্পের আওতায় স্পার ও নদী তীর সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্লক তৈরির কাজ দ্রুতগতিতে চলছে। পাউবো আশা করছে এ বছরেই এ কাজ শেষ হবে।" এছাড়া বিশ্ব ব্যাংকের সহায়তায় ১০ বছর মেয়াদী নদী তীর রক্ষণাবেক্ষণ ও বন্যার সময় জরুরি কাজ করতে প্রকল্প নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই এসব প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংকের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান। প্রধান উপদেষ্টা দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড-পয়েন্টে হেলিকপ্টার থেকে নেমে জেলা প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সার্বিক অবস্থা, শহররক্ষা বাঁধ, বন্যা কবলিত অঞ্চল ও বন্যার্তদের অবস্থা নিয়ে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হাফিজুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মো. আশরাফ আলী, পাউবো নির্বাহী প্রকৌশলী মো. নিজামুল হক ভূঁইয়া, পুলিশ সুপার মো আলমগীর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল খায়ের প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টা বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। উপজেলার চন্দনবাইশা তালুকদার পাড়ায় যমুনার ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে চন্দনবাইশা আয়শা-ওসমান বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম জিল্লুর রহমান জানান, প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে ১১শ' পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি মসুরের ডাল, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি খেজুর দেওয়া হয়। গত বুধবার ভোররাতে চন্দনবাইশা তালুকদার পাড়ায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫০ মিটার অংশ ধসে যাওয়ায় এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এখানকার দুর্গত এলাকা পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা ও ত্রাণ দেওয়ার কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, "মূল কথা হচ্ছে, এ ধরনের ব্যবস্থা সাময়িক। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা প্রয়োজন।" তিনি বলেন, "বাঁধ ভাঙার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘর তৈরির জন্য প্রয়োজনে তাদের সহায়তা দেওয়া হবে। এখন তাদের কিছুদিন স্থানীয়ভাবে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।" পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা সঙ্গে আরও ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. লিয়াকত আল ফারুক, প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ আব্দুল মোমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফজাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডিজাইন) সোহেল আহসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্ল্যানিং) মো. শেখ ফরিদ, বগুড়া জেলা প্রশাসক মো. হমায়ন কবির প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/১৮২৭ঘ.