ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক কোটি ২১ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর থানার সহকারি উপ পুলিশ পরিদর্শক চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনভেয়ার বেল্টে পড়ে থাকা ৪টি ছোট বড় স্যুটকেস থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। কাস্টমস পরিদর্শক ইউনূস আকবর এ ব্যাপারে একটি মামলা করেছেন।
এজাহারের বরাত দিয়ে চান মিয়া জানান, গালফ এয়ারওয়েজের একটি ফ্লাইট ভোর ৪টার দিকে জিয়ায় নামে। যাত্রীদের মালপত্র পরীক্ষার পর ১ নম্বর কনভেয়ার বেল্টে ৪টি স্যুটকেস মালিক বিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্যুটকেস খুলে ইঞ্জেকশনসহ ২১ ধরনের আমদানি নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়।
এসব ওষুধের দাম আনুমানিক এক কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা বলে চান মিয়া জানান।
তিনি বলেন, স্যুটকেসগুলোর ট্যাগে শুধু লেখা ছিল 'আবুল'। তাতে পাসপোর্ট নম্বর বা ঠিকানা ছিল না। স্যুটকেসের মালিক সম্পর্কে ইমিগ্রেশন কার্যালয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিমান পরিবহন কর্তৃপক্ষের কার্যালয় বন্ধ থাকায় সেখান থেকেও খবর মেলেনি।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা এয়ার ফ্রেইট গুদাম থেকে ৫টি কার্টনে প্রায় ৫০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ আটক করে কাস্টমস ও যৌথবাহিনী। গার্মেন্টস পণ্যের নামে ওই ওষুধ আনা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২১০৩ ঘ.
bdnews24