২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের স্বার্থ রক্ষার জন্যই কৃত্রিম গ্যাস সঙ্কট: আনু মুহাম্মদ

দেশি-বিদেশি মহল বিশেষের স্বার্থ রক্ষার জন্য দেশে গ্যাসের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি-বিদেশি মহল বিশেষের স্বার্থ রক্ষার জন্য দেশে গ্যাসের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। তিনি দাবি করছেন, ২০১২ সাল পর্যন্ত দেশে গ্যাসের মজুদে ঘাটতি হওয়ার কথা নয়। তাই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নতুন গ্যাস সংযোগ না দেয়ার সিদ্ধান্ত হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার চট্টগ্রামে এক গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, "বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষার জন্য গ্যাসের কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে, যাতে সমুদ্র বক্ষে এবং কয়লা ক্ষেত্র ইজারা দেওয়ার জন্য চুক্তি করা যায়। এসব চুক্তি দেশের জন্য ক্ষতি বয়ে আনবে।" বন্দরনগরীর একটি রেস্তোরায় 'চট্টগ্রাম অঞ্চলে প্রাকৃতিক গ্যাস বিতরণ ও বাজারজাতকরণে দুর্নীতি: বাখরাবাদ গ্যাস সরবরাহ লিমিটেড (বিজিএসএল)' এর ওপর একটি বিশেষ সমীক্ষার খসড়া প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ওই বৈঠক আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) চট্টগ্রাম শাখা গবেষণা প্রতিবেদনটি তৈরি করে। আনু মুহাম্মদ বলেন, "বিগত সরকারগুলোর সময়ে করা বৈষম্যমূলক চুক্তির কারণে গত ১০ বছরে গ্যাস ক্ষেত্রগুলোর মালিকানা দেশের মানুষের হাত থেকে চলে গেছে। এগুলো এখন বিদেশি কোম্পানিগুলোর অধিকারে। যার কারণে কোম্পানিগুলো মুনাফার জন্য গ্যাস ক্ষেত্রগুলোকে জিম্মি করে চুক্তির বাইরেও তাদের ইচ্ছামাফিক নানা অযৌক্তিক দাবি করছে। আর এসব কোম্পানির সহযোগীরা মন্ত্রণালয়ে থাকায় তারা স্বেচ্ছাচারিতা করতে পারছে।" কাফকোর সাথে অসম চুক্তি না থাকলে বিজিএসএল আরও বেশি লাভজনক হতে পারতো বলে দাবি করেন তিনি। আনু মুহাম্মদ বলেন, "বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জোর গলা হলেও দুর্নীতি প্রতিরোধে আগ্রহী নয়। এ কারণে আপস রফার মাধ্যমে বড় দুর্নীতিবাজদের ছাড়া হচ্ছে।" বৈঠকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক্স বিভাগের অধ্যাপক শামসুল আলম অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে দুর্নীতি বেড়েছে। জ্বালানি ক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সমালোচনাও করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা গ্রাহকদের হয়রানি বন্ধে বাখরাবাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। পাশপাশি পরিচালনা পর্ষদে শুধু আমলাদের না রেখে জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবিও জানান তারা। বিজিএসএল নিয়ে খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি'র গবেষণা কর্মকর্তা গোলাম মোস্তফা। এতে বলা হয়, চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠাকাল ১৯৮০ থেকে ২০০৭ সালের ডিসেম্বর পর্যন্ত ২৭ বছরে বিজিএসএল কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে ৩৯৬ কোটি টাকা ঘুষ নিয়েছে। শুধু ২০০৬-০৭ অর্থবছরে গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে ২৫ কোটি ২৮ লাখ টাকা ঘুষ লেন-দেন হয়েছে। ২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৮ সালের আগস্ট পর্যন্ত কোম্পানির ৬০৩ জন সেবা গ্রহীতা এবং বিজিএসএল ও পেট্রোবাংলার বর্তমান ও সাবেক কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, জ্বালানি বিশেষজ্ঞ মিলিয়ে আরও ৪০ জনের কাছ থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন। গোলাম মোস্তফা বলেন, "বিজিএসএলের ৫৬ শতাংশ গ্রহীতা সংযোগ নিতে অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলেছেন। প্রত্যেক আবাসিক গ্রাহককে গড়ে ১১ হাজার ৫৩ টাকা এবং অনাবাসিক গ্রাহকদের গড়ে ৪৫ হাজার ৪৪৭ টাকা ঘুষ দিতে হয়েছে।" প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯০ সালে কাফকোর সাথে চুক্তি অনুযায়ী গ্যাস সরবরাহ করতে গিয়ে বিজিএসএলকে এ পর্যন্ত ১৬৩৭ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে এবং ২০০৭ সালের মে মাস পর্যন্ত সরকারের ৩ হাজার ৮২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত বিজিএসএলের সিস্টেম লসের পরিমাণ ১৮৮৫ দশমিক ৩৯ মিলিয়ন ঘনমিটার, যার মূল্য ৬৯৫ কোটি টাকা। কোম্পানির শুরু থেকে এ পর্যন্ত মোট সিস্টেম লসের পরিমাণ ১ হাজার ৬৪৬ কোটি টাকা। তবে বিজিএসএলের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম সিস্টেম লসের এ পরিসংখ্যানের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, "বিজিএসএল'র নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী সিস্টেম লস আরও কম। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত এর পরিমাণ ২৫০ দশমিক ৩৫ মিলিয়ন ঘনমিটার। অর্থের হিসাবে যার পরিমাণ ২৫৬ কোটি টাকা।" গোলটেবিল বৈঠকে তিনি বলেন, "সিস্টেমলস কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।" দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, "বিভিন্ন অনিয়মে এ পর্যন্ত সাড়ে ৩ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত তিন বছরে ২২ ঠিকাদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।" সনাক চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক বেগম মুশতারী শফীর সভাপতিত্বে ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের পরিচালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, দুর্নীতি দমন কমিশনের পরিচালক জুলফিকার আলী মজুমদার, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার মাহমুদ, কর্ণফুলী সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) মো. শাহজাহান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এমআই/১৫৪৫ ঘ.