ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুয়েত সফর শেষে শুক্রবার দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন, কুয়েতে বাংলাদেশী শ্রমিকদের সমস্যা সমাধানে দেশটির সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলে প্রতিশ্র"তি দিয়েছে।
উপদেষ্টা জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং বিক্ষোভের দায়ে ফেরত পাঠানো কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও দ্রুত পদক্ষেপ নেবে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটির সরকার।
কুয়েতে বাংলাদেশী শ্রমিকদের সমস্যা সম্পর্কে উপদেষ্টা বলেন, জুলাইয়ের শ্রমিক বিক্ষোভের ঘটনায় দেশে ফেরত পাঠানো বাংলাদেশী কর্মীদের ক্ষতিপূরণের বিষয়টিতে 'বিশেষ গুরুত্ব' দিচ্ছে কুয়েত সরকার। কুয়েতে বাংলাদেশী কর্মীদের সমস্যা সমাধানের বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন সেদেশের প্রধানমন্ত্রী, উপ প্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী।
তিনি জানান, শ্রমিকদের নূন্যতম মজুরি ৪০ কুয়েতী দিনার নির্দিষ্ট করার ব্যাপারেও আশ্বাস দিয়েছে সেদেশের সরকার। এছাড়া কুয়েতের যেসব প্রতিষ্ঠান শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার খর্ব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী দুদিনের কুয়েত সফরে প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-আহমেদ আল-সাবাহ, উপ প্রধানমন্ত্রী শেখ মোহামেদ সাবাহ আল-সালেম আল-সাবাহ ও শ্রমমন্ত্রী বাদের ফাহেদ আলী আল-দুওয়াইলাহর সঙ্গে বৈঠক করেন।
উপদেষ্টা আরও জানান, বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকরা ১৫ অক্টোবরের মধ্যে কুয়েত ত্যাগ করলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না বলে দেশটি ঘোষণা দিয়েছে।
গত জুলাই মাসে বেতন বাড়ানো ও কাজের পরিবেশ ভালো করার দাবিতে কুয়েতে কর্মরত এশীয় শ্রমিকরা রাজপথে নেমে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের অধিকাংশই বাংলাদেশী শ্রমিক। শ্রমিকদের দাবি ছিল তাদের যে বেতন দেওয়ার কথা তার চেয়ে অনেক কম দিচ্ছিল নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। অনেক ক্ষেত্রে মাসে মাত্র আট দিনার (প্রায় দুই হাজার টাকা) বেতনে তাদের খাটানো হয় বলে অভিযোগ করে শ্রমিকরা।
শ্রমিক বিক্ষোভ দমনে কুয়েত পুলিশ ওই সময় বাংলাদেশী শ্রমিকদের লাঠিপেটা করে এবং বেশ কিছু শ্রমিককে গ্রেপ্তার করে। পরবর্তীতে এ ঘটনার জের ধরে দেশটির সরকার প্রায় ১২৫০ বাংলাদেশী শ্রমিককে দেশে ফেরত পাঠায়। ফেরত আসা শ্রমিকরা তাদের বিরুদ্ধে নির্বিচারে ধরপাকড় ও নির্যাতনের অভিযোগ করেন। অনেককেই একেবারে শুন্য হাতে একবস্ত্রে ফেরত পাঠানো হয়।
এসব সমস্যাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য বুধবার কুয়েতে যান পররাষ্ট্র উপদেষ্টা।
সরকারি হিসেবে বর্তমানে কুয়েতে প্রায় দেড় লাখ বাংলাদেশী বাস করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর টডকম/কেআরসি/টিএইচ/এসকে/২১৩১ঘ.
bdnews24