ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত 'শীর্ষ দুর্নীতিবাজদের' বিচার না করে মুক্তি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। তারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দুর্নীতিবাজদের বিচারেরও দাবি জানিয়েছেন।
শুক্রবার সকালে বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। মোর্চার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্নীতিবাজদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ব্যক্তির প্রতি আহবান জানানো হয়।
সভায় চিহ্নিত শীর্ষ দুর্নীতিবাজদের গ্রেপ্তারের পর দ্রুত বিচার কাজ সম্পাদন না করে তাদের 'আতাঁত-সমঝোতার মাধ্যমে ছেড়ে দেওয়ায়' গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের তীব্র সমালোচনা করা হয়।
মোর্চার সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে সভায় খালেকুজ্জামান, টিপু বিশ্বাস, সাইফুল হক, বদরুল আলম, হামিদুল হক, জোনায়েদ সাকী, আবদুল মতিন তালুকদার, বাবুল বিশ্বাস, মোশরেফা মিশু, বজলুর রশীদ ফিরোজ, নজরুল ইসলাম কামরুল আলম সবুজ, ডা. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৩০ঘ.
bdnews24