২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৫টি নতুন বাস থামার স্থান ও পার্কিং নীতিমালা হচ্ছে

ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৯৮৩ সালে প্রণীত মোটরযান অধ্যাদেশ সংশোধন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৯৮৩ সালে প্রণীত মোটরযান অধ্যাদেশ সংশোধন করা হচ্ছে। এর আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে বাস থামার স্থান নির্ধারণ ও নির্মাণ এবং পার্কিং নীতিমালা প্রণয়ন করা হবে। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, পার্কিং নীতিমালা ও মোটরযান অধ্যাদেশ সংশোধনীর খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, "ঢাকা মহানগরীর বাস পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যত্রতত্র বাস থামা বন্ধ করতে পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে বাস থামার স্থান (বাস বে) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) এসব স্থান নির্ধারণ করেছে।" এসব স্থান হলো- ঢাকার কাকলী, বনানী রেল স্টেশন সংলগ্ন স্থান, সরকারি কর্মকমিশন সচিবালয়, মহাখালী ও বাংলামোটর। যোগাযোগ মন্ত্রণালয়ে সচিব মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ, ট্রাফিক বিভাগের যুগ্ম-কমিশনার জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সচিব জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত ও প্রশাসনিক বিষয় সম্পর্কিত সচিব কমিটির অনুমোদন শেষে এ মাসেই মোটরযান অধ্যাদেশ সংশোধনের প্রক্রিয়া উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। সচিব আরও জানান, প্রস্তাবিত সংশোধন অধ্যাদেশে শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। এছাড়া অপরাধীদের জামিনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৭২৪ঘ.