মৌলভীবাজার, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙ্গে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ট্রাক চালক চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আব্দুল করিম (৩৫) ও তার সহকারী একই জেলার চাটখিল উপজেলার রুমন মিয়া (২৫)।
মৌলভীবাজারের ট্রাফিক পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টানা বার ঘন্টা চেষ্টার পর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল দমকল বাহিনীর সদস্যরা সন্ধ্যা ছয়টার দিকে ট্রাক কেটে দুজনের লাশ উদ্ধার করেন।
তিনি জানান, সকাল ছয়টার দিকে ট্রাকটি (ঢাকা- মেট্রো ট- ১৪-৫৮৭১) জগন্নাথপুর এলাকার ওই সেতু অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে খাদে উল্টে পড়ে। ট্রাক চালক ও তার সহকারী ট্রাকের নিচে চাপা পড়েন। ট্রাকটি লোহার রড় ও এঙ্গেল নিয়ে ঢাকার ইংলিশ রোড থেকে সিলেটের দিকে যাচ্ছিল।
মৌলভীবাজার সদর থানার উপ-পরিদর্শক মধুসুদন দত্ত জানান, নিহত দু'জনের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.
bdnews24