ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দু'টি ঘটনায় মঙ্গলবার বিআইডিব্লিউটিএ এর দুই প্রকৌশলী ও স্ত্রীদের জবানবন্দি গ্রহণ করেছে 'ট্রুথ কমিশন' নামে পরিচিত সত্যতা ও জবাবদিহিতা কমিশন।
রাজধানীর হেয়ার রোডের কমিশন কার্যালয়ে সোমবার থেকে এ ধরনের শুনানি চলছে। প্রথম দিনে সাত জনের কথা শোনে কমিশন।
অপরাধ স্বীকারের মাধ্যমে ক্ষমা পাওয়ার সুযোগ দিতে গঠিত এ কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমানের একান্ত সচিব জাহিদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার দু'টি কেসের চারজনের শুনানি গ্রহণ হয়েছে। আগামীকাল বুধবার ছয় জনের জবানবন্দি নেওয়া হবে, তাদের মধ্যে চট্টগ্রাম বন্দর ও বনবিভাগের কর্মকর্তারা রয়েছেন।"
কমিশন তাদের কাছে যাওয়া অভিযুক্তদের পরিচয় প্রকাশ করছে না।
গত ৮ জুন রাষ্ট্রপতি 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' অধ্যাদেশ জারি করেন। এর আওতায় সত্যতা ও জবাবদিহিতা কমিশন বা ট্রুথ কমিশন গঠন করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসএনডি/জিএনএ/১৭৫০ ঘ.
bdnews24