২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা শহীদুল্লাহ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রায় ১৪ বছর আগে টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা শহীদুল্লাহ খান শাহেদ হাজারীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় ১৪ বছর আগে টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা শহীদুল্লাহ খান শাহেদ হাজারীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে ছয়জনকে। সোমবার টাঙ্গাইলের বিশেষ হাকিম মো. আমিনুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়ার আবদুস সামাদ এর ছেলে শহর ছাত্রদল নেতা মিনিস্টার শাহীন, কাগমারা এলাকার ইমান আলীর ছেলে তুষার ও বেড়াডোমার মতিউর রহমানের ছেলে মোজাফ্ফর। এদের মধ্যে মিনিস্টার শাহীন ও মোজাফ্ফর কারাগারে আটক রয়েছেন। তুষার পলাতক। খালাসপ্রাপ্তরা হলেন- পৌর কমিশনার মেহেদী হাসন আলীম, মোমিনুর, ফারুক, আলীম, ইকবাল ও রিংকু। অভিযোগ গঠনের পর আসামি মেনহাজ পুলিশের ক্রসফায়ারে নিহত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৯৯৪ সালের ৫ জুন রাতে শহরের আদালত রোডে আসামিরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহেদ হাজারীকে কুপিয়ে ও হাত-পা কেটে হত্যা করে। পরদিন নিহতের ভাই সোহেল হাজারী বাদী হয়ে ১০ জনকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌসুলি লুৎফর রহমান তালুকদার। আসামি পক্ষে ছিলেন সৈয়দ আজমল হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.