ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হেরোইন চোরাচালানের সবচেয়ে বড় মামলায় (সাড়ে ২৩ কেজি) আগামি ১৫ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত।
সোমবার ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে মামলার শুনানি শেষে বিচারক মোস্তাক আহম্মেদ রায়ের তারিখ নির্ধারণ করেন।
মামলার দুই আসামি আরিফুল ইসলাম ভূঁইয়া ও মো. মাহমুদ আলী ওরফে কফিল কারাগারে আছেন।
মামলার বিবরণে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর কাস্টমস কর্তৃপক্ষ সাড়ে ২৩ কেজি হেরোইনসহ অভিযুক্ত দুজনকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে আটক করে। অভিযুক্তরা ওই দিন হেরোইন পাচারের জন্য চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে চীন যাওয়ার চেষ্টা করছিল।
মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এমএইচবি/২১০০ ঘ.
bdnews24