২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশনে চার দুর্নীতির ঘটনার শুনানি

দুর্নীতির চারটি ঘটনায় সোমবার সকাল থেকে শুনানি গ্রহণ করছে 'ট্রুথ কমিশন' নামে পরিচিত সত্যতা ও জবাবদিহিতা কমিশন। রাজধানীর হেয়ার রোডের কমিশন কার্যালয়ে এ শুনানি শুরু হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির চারটি ঘটনায় সোমবার সকাল থেকে শুনানি গ্রহণ করছে 'ট্রুথ কমিশন' নামে পরিচিত সত্যতা ও জবাবদিহিতা কমিশন। রাজধানীর হেয়ার রোডের কমিশন কার্যালয়ে এ শুনানি শুরু হয়। (আরও তথ্যসহ) অপরাধ স্বীকারের মাধ্যমে ক্ষমা পাওয়ার সুযোগ দিতে গঠিত এ কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমানের ব্যক্তিগত সচিব জাহিদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার মোট চারটি কেসে সাত জনের শুনানি নেওয়া হচ্ছে। সাতজনের মধ্যে তিন দম্পতি রয়েছে। বিকেল চারটা পর্যন্ত দুই দম্পতির শুনানি নেওয়া হয়েছে। বাকিদেরও আজই নেওয়া হবে।" কমিশন তাদের কাছে শুনানির জন্য যাওয়া অভিযুক্তদের পরিচয় প্রকাশ করছে না এবং পুরো ব্যাপারটি নিয়ে এক ধরণের গোপনীয়তা বজায় রাখছে। সোমবার বেলা ১১টায় সিলেট সিটি করপোরেশনের এক সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীকে দিয়ে শুনানি শুরু হয়। কমিশনের বাইরে অপেক্ষমান সাংবাদিকরা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা ওই কর্মকর্তাকে ঢুকতে দেখেন। শুনানির জন্য তার স্ত্রীও সকালে কমিশন কার্যালয়ে উপস্থিত হন। দুপুর পৌনে দুইটার দিকে এ দম্পতির শুনানি শেষে সাইফুল ইসলামকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গত ৮ জুন রাষ্ট্রপতি 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' অধ্যাদেশ জারি করেন। এর আওতায় সত্যতা ও জবাবদিহিতা কমিশন বা ট্রুথ কমিশন গঠন করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ পাবেন। এদিকে, গত ২৮ আগস্ট 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না- পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তার কারণ সরকারকে জানাতে বলেছিল হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এএল/এসকে/১৬৩১ঘ.