ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্র, শনি ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যদিনগুলোতে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা মহানগরীতে ট্রাক চলাচল বন্ধ থাকবে। সুষ্ঠুভাবে যান চলাচল ও যানজট নিরসনের স্বার্থে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রে মহানগর পুলিশ এরকম কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
রোববার ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাকে মাটি-পাথর ইত্যাদি বহনের ক্ষেত্রে ত্রিপল দিয়ে যথাযথভাবে ঢেকে নিতে হবে। নির্মাণসামগ্রী বহনকালে এসব সামগ্রী ঝুঁকিপূর্ণভাবে যাতে ট্রাকের বাইরে বেরিয়ে না থাকে তা নিশ্চিত করতে হবে।
কাভার্ড ভ্যানের ক্ষেত্রে ১৫০০ কেজি পর্যন্ত বহনকারি ভ্যান ঢাকা মহানগরীতে সার্বক্ষণিক চলাচল করতে পারবে। এই ওজনের উপরে মালামাল বহনকারী কাভার্ড ভ্যান সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচল নিষিদ্ধ থাকবে। জরুরি রপ্তানি কাজে নিয়োজিত চট্রগ্রামগামী কাভার্ড ভ্যান আশুলিয়া, আব্দুল্লাহপুর, নতুন বিমানবন্দর সড়ক, বিশ্বরোড, প্রগতি সরণি, জনপথ, যাত্রাবাড়ি হয়ে চলাচল করবে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২৩৩৫ ঘ.
bdnews24