ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতে অবস্থিত বাংলাদেশ বিরোধী সংগঠন দমনে ভারত সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশেও ভারত বিরোধী সংগঠনের অবস্থান আছে দাবি করে তা দমনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। ঢাকায় দু'দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছে উভয় দেশ।
দুদিনের বৈঠক শেষে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম ও ভারতের স্বরাষ্ট্র সচিব মধুকর গুপ্তা জানান, পারস্পারিক স্বার্থের বিরুদ্ধে নিজেদের ভূ-খণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতীয় সন্ত্রাসী এবং ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশী সন্ত্রাাসীদের আটক ও তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবেও একমত হয়েছেন তারা। তবে সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো মতৈক্য হয়নি।
গতকাল শনিবার রাজধানীর শেরাটন হেটেলে এ বৈঠক শুরু হয়।
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম জানান, বৈঠকে ভারতীয় পক্ষ বাংলাদেশে সাজাপ্রাপ্ত ভারতীয় আসামিদের ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ শেষ না হওয়ার আগে তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয় জানিয়ে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
আব্দুল করিম বলেন, "যারা কারাগারে সাজার মেয়াদ পার করছেন তাদের আমরা ফেরত পাঠাতে পারি না। তবে যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে তাদের ফেরত পাঠানো সম্ভব।"
তিনি জানান, ভারতে অবস্থিত বাংলাদেশ বিরোধী সন্ত্রাসবাদী ও সন্ত্রাসী সংগঠন দমনে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভারত এ ব্যাপারে সহযোগিতার প্রতিশ্র"তি দিয়েছে। ভারতও একই ক্ষেত্রে সহযোগিতা চেয়েছে এবং বাংলাদেশও এব্যাপারে ভারতকে আশ্বস্ত করেছে।
ভারতের স্বরাষ্ট্র সচিব মধুকর গুপ্তা বলেন, "বাংলাদেশ বিরোধী কোনো রাজনৈতিক কার্যক্রমে ভারত সমর্থন দেবে না বলে প্রতিশ্র"তি দিয়েছি। এছাড়া বাংলাদেশে অবস্থিত ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ঘাঁটি সনাক্ত করতে সহযোগিতা চাওয়া হয়েছে।"
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়া ১৯৯৭ সালে বাংলাদেশে আটক হয়। ভারত তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশে সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। অনুপ চেটিয়া এখন বাংলাদেশের কারাগারে আটক আছেন।
বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ঘাঁটি থাকার অভিযোগ জানিয়ে আসছে ভারত এবং বাংলাদেশ তা অস্বীকার করে আসছে। একইভাবে ভারতে বেশকিছু বাংলাদেশ বিরোধী সংগঠনের অবস্থানের অভিযোগ জানিয়েছে আসছে বাংলাদেশ, যা অস্বীকার করছে ভারত।
বৈঠকে দুদেশের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আগামী বৈঠক ভারতের নয়াদিল্লিতে হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চলতি বছরের অক্টোবরে নয়াদিল্লিতে দুদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২২৪৯ ঘ.
bdnews24