২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চউকের উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ, গাড়ি ভাংচুর

চট্টগ্রাম নগরীর মুরাদপুর মির্জারপোল এলাকায় রোববার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) উচ্ছেদ চলাকালে দোকান শ্রমিক ও এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর মুরাদপুর মির্জারপোল এলাকায় রোববার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) উচ্ছেদ চলাকালে দোকান শ্রমিক ও এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বুলডোজার, বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের একটি গাড়ি, সিটি বাসসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। এ সময় মুরাদপুর-চকবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উচ্ছেদ কার্যক্রম বন্ধ রেখে চউক কর্মীরাএলাকা ত্যাগ করেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কফিল উদ্দিন সুমন (২৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তিনি বর্তমানে পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মির্জারপোল এলাকায় হোসেন অ্যালুমিনিয়াম নামে সুমনের বেশ কয়েকটি হাড়ি পাতিলের দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শী মো. ইউসুফ জানান, চউকের একটি দল রোববার দুপুর ১২টার দিকে মির্জারপোল এলাকায় একটি ভবন উচ্ছেদ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চউক কর্মীরা মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি ভবন ভাঙার উদ্যোগ নিলে ভাড়াটিয়া এবং হাড়ি পাতিলের দোকান মালিক ও শ্রমিকরা তাতে বাধা দেয়। এ সময় পুলিশ কফিল উদ্দিন সুমন নামে এক ব্যবসায়ীকে মারধর শুরু করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের প্রতি ইটপাটকেল ছুড়তে শুরু করে। ব্যবসায়ীকে মারধর করার খবর দ্রুত আশেপাশের দোকান শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পরলে কয়েক'শ শ্রমিক ও এলাকাবাসী জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় তারা বুলডোজার, পিডিবির গাড়ি ও সিটি বাস ভাংচুর করে। সংঘর্ষে চার পুলিশ কনেস্টবলসহ কয়েকজন আহত হন। এদের মধ্যে ফারুক আহমেদ ও মো. জিসানকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মির্জারপোলের একাধিক দোকান মালিক ও ভাড়াটিয়ারা সাংবাদিকদের জানান, উচ্ছেদকৃত ভবন ও একই মালিকের অন্য জায়গায় স্থাপিত হাড়ি পাতিলের দোকান নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তা নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিনা নোটিশে তাদের উচ্ছেদ করতে পারে না। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চউকের উচ্ছেদ অভিযানকে সহায়তা দেওয়ার জন্য সেখানে পুলিশের একটি দল ছিল। উচ্ছেদ শুরুর সময় বিক্ষুব্ধরা বাধা দিতে এলে সংঘর্ষ বাধে। পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এমএসবি/১৯৪১ ঘ.