২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট হামলা: আসামির অস্বাভাবিক আচরণে অভিযোগ গঠন পিছিয়ে গেল

কাঠগড়ায় এক আসামির অস্বাভাবিক আচরণের কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ৮ সেপ্টেম্বর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঠগড়ায় এক আসামির অস্বাভাবিক আচরণের কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ৮ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজার আদালত অভিযোগ গঠনের নতুন তারিখ দেয়। আদালতের কাজ শুরুর পরপরই ২১ আগস্ট মামলার এক আসামি উজ্জ্বল হোসেন রতন কাঠগড়ায় শুয়ে পড়েন। চিৎকার করে তিনি বলতে থাকেন, "আমি কিছুই জানি না। আমাকে বাঁচাও।" কিছুক্ষণ পর পর তিনি বিড়বিড় করতে থাকেন। আসামির আইনজীবী তখন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বিচারক রতনকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরীক্ষা করে প্রতিবেদনসহ আগামী ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠনের তারিখ দেন। এদিকে, একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলার বিচার শুরুর জন্য মহানগর দায়রা জজ আজিজুল হক আগামী ২১ সেপ্টেম্বর পলাতক আসামিদের আদালতে হাজির হতে বলেছেন। এজন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন তিনি। মামলায় মোট ২২ আসামির মধ্যে মুফতী আব্দুল হান্নান, আব্দুস সালাম পিন্টুসহ ১৩ জনকে দেশের বিভিন্ন কারাগার থেকে সকালে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি সাহাদাৎ উল্লাহ জুয়েল আদালতে হাজিরা দাখিল করে। বাকি আট আসামি পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এসকে/১৭৪৩ঘ.