ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিশুদের ভালবাসার প্রতিষ্ঠান মৌলভীবাজারের শুকনাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাকা ভবন ও সরকারি নিবন্ধন পাবে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শুকনাছড়াসহ সাতটি গ্রামে এটিই একমাত্র বিদ্যালয়।
এলাকাবাসী বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের কাছে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানালেও কোন কাজ হয়নি। কৃষি উপদেষ্টা ড. সি এস করিমের নির্দেশ, জেলা প্রশাসনের উদ্যোগ ও এলাকাবাসী আজিজুর রহমানের সহযোগিতায় শেষ পর্যন্ত শুকনাছড়ায় বিদ্যালয় স্থাপিত হয়।
এ বছর ১৪ ফেব্র"য়ারি বিশ্ব ভালোবাসা দিবসে উদ্বোধন করা হয় 'শিশুদের ভালবাসার' প্রতিষ্ঠান শুকনাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় তিনশ শিক্ষার্থীর পদচারণায় মুখর শুকনাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সিএস করিম ও তার বন্ধু শিক্ষানুরাগী কুতুব উদ্দিন আহমদ বিদ্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় রাশেদা কে চৌধুরী বিদ্যালয়টিকে সরকারিভাবে নিবন্ধিত করার আশ্বাস দেন।
তিনি বলেন, "আপনারা নিয়ম অনুযায়ী সরকারি নিবন্ধনের জন্য আবেদন করুন। কোথাও আটকালে আমি দেখব।"
শিক্ষার্থীদের পড়াশুনার স্বার্থে বিদ্যালয় নিয়ে রাজনীতি না করে সবাইকে মিলেমিশে কাজ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
শুকনাছড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান বলেন, "বর্তমানে শিক্ষকদের সামান্য বেতন দিয়ে স্কুলটি চলছে। এভাবে আমার একার পক্ষে বেশিদিন চালানো সম্ভব না। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন সরকারি অনুদান।"
তিনি বলেন, "আগামী জানুয়ারিতে এটিকে উচ্চ বিদ্যালয় করা হবে। সে টাকা আমি দেব। বিদ্যালয়টি যাতে দ্রুত নিবন্ধিত হয় সেজন্য ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করছি।"
কুতুব উদ্দিন আহমদ বলেন, "একটি বিদ্যালয়কে সাহায্য করা মানে একটি প্রজন্মকে সাহায্য করা। এই বিদ্যালয়ের জন্য পাকা ভবন করতে আমি সহযোগিতা দেব।"
উপদেষ্টা সিএস করিম বলেন, "আপনারা ছেলেমেয়েদের সময়মতো বিদ্যালয়ে পাঠান। বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে বাড়ির শিক্ষা শিশুর বিকাশে সহায়ক হবে।"
শুকনাছড়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম সরকার বলেন, "এ এলাকার সাত গ্রামের ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। গত বছরের নভেম্বরে কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা সিএস করিম শুকনাছড়া এলাকায় কমলা বাগান পরিদর্শন করতে এলে এখানকার শিশুরা তাকে একটি বিদ্যালয় করে দেওয়ার অনুরোধ করেন। উপদেষ্ঠা সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক আলকামা সিদ্দিকীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।"
স্কুলটির প্রধান শিক্ষক সামছুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুরুতে ৯২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় তিনশ শিক্ষার্থী পড়াশুনা করছে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিদায়ী জেলা প্রশাসক আলকামা সিদ্দিকী নবাগত জেলা প্রশাসক মো. মফিকুুল ইসলাম প্রমুখ।
বিকেলে দুই উপদেষ্টা কমলগঞ্জের তিলকপুর এলাকার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় মাঠে মণিপুরি তাঁতী মহিলা সমাবেশে যোগ দেন।
এই সময় মণিপুরি আদিবাসীরা ধলাই নদীর ভাঙন রোধের জন্য বাধ নির্মাণ, আদিবাসী জনগোষ্ঠী এলাকার সরকারি খাস জমি তাদের নামে বরাদ্দ, মণিপুরী নারী তাঁতীদের উৎপাদিত তাঁতজাত বস্ত্র দেশে ও বিদেশে বাজারজাতকরণের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
মহিলা ও শিশু এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, "মণিপুরীসহ আদিবাসীদের উন্নয়নের ব্যাপারে সরকার আন্তরিক। আমরা আপনাদের দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা করবো।"
তিনি বলেন, "আপনাদের বস্ত্রের নকশা কেউ যাতে নকল না করে সরকার সে ব্যবস্থা নেবে। ইতোমধ্যে সরকার কপিরাইট ও মেধাস্বত্ব লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।"
পানিসম্পদ উপদেষ্টা সিএস করিম ধলাই নদী শাসন ও বন্যা থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন। মণিপুরী তাঁতীদের জন্য মৌলভীবাজারে একটি বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএসবি/১৬০৭ ঘ.
bdnews24