২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর 'লিড ডোনার' ঠিক হতে পারে রোববার

প্রস্তাবিত পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের চার ঋণদাতা সংস্থার মধ্যে 'লিড ডোনার' চূড়ান্ত হতে পারে রোববার। এছাড়া, দাতাদের ঋণ-সহায়তার বাইরে সেতু নির্মাণে প্রয়োজনীয় বাকি অর্থ যোগাড়ের উপায় নিয়েও রোববারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। দেশের সবচেয়ে বড় সেতু নির্মাণের এ প্রকল্পটির সর্বশেষ জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের চার ঋণদাতা সংস্থার মধ্যে 'লিড ডোনার' চূড়ান্ত হতে পারে রোববার। এছাড়া, দাতাদের ঋণ-সহায়তার বাইরে দেশের সর্ববৃহৎ এ সেতু নির্মাণে প্রয়োজনীয় বাকি অর্থের সংস্থানের উপায় নিয়েও রোববারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হবে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। উপদেষ্টা জানান, যোগাযোগ মন্ত্রণালয় পদ্মা সেতু নির্মাণে মোট ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা) ব্যয় ধরেছে। এর মধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো অপারেশন (জেবিআইসি) ও ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) মোট ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার (প্রায় ৮ হাজার কোটি টাকা) ঋণ-সহায়তা দেবে। বাকি ৪ থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে সংগ্রহ করার চিন্তাভাবনা হচ্ছে বলে জানান মির্জ্জা আজিজ। নাম প্রকাশে অনিচ্ছুক যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে দুই দফা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেও লিড ডোনার ঠিক করা যায়নি। ঋণ-সহায়তার হিসাবে এডিবি সবচেয়ে বেশি অর্থ দিচ্ছে। সে হিসাবে এডিবি'র লিড ডোনার হওয়ার কথা। কিন্তু বিশ্বব্যাংক এডিবি'র চেয়ে ৫০ মিলিয়ন ডলার কম ঋণ দিলেও তাদের ঋণের সুদের হার কম। এ দাবিতে বিশ্বব্যাংকও পদ্মা সেতুর লিড ডোনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।" এ অবস্থায় দুই উন্নয়ন সংস্থার মধ্যে একটিকে 'লিড ডোনার' হিসেবে বেছে নেওয়ার জন্য অর্থ উপদেষ্টা ও যোগাযোগ উপদেষ্টার উপস্থিতিতে রোববারের আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে, ঋণের বাইরে বাকি অর্থের যোগান প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভ্যন্তরীণভাবে যোগান দেওয়া চার-সাড়ে চার হাজার কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকা যমুনা সেতু সিকুরিটাইজেশনের (যমুনা সেতুর আগামী কয়েক বছরের টোল এবং এ সেতুর আশপাশের সম্পদ পুঁজিবাজারে ছেড়ে যে আয় হবে) মাধ্যমে সংগ্রহ করার পরিকল্পনা সরকারের রয়েছে। বাকি অর্থ পদ্মা সেতুর শেয়ার বাজারে ছেড়ে সংগ্রহ করার চিন্তাভাবনা রয়েছে।" যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দাতা সংস্থাগুলোর ১ দশমিক ১৫ বিলিয়ন ডলারের মধ্যে বিশ্বব্যাংক দেবে ৩০০ মিলিয়ন ডলার, এডিবি দেবে ৩৫০ মিলিয়ন ডলার, আইডিবি ৩০০ মিলিয়ন ডলার এবং জেবিআইসি ২০০ মিলিয়ন ডলার। এর মধ্যে এডিবি ও আইডিবি'র ঋণের সুদের হার ৩ দশমিক ৪৯ শতাংশ। আর বিশ্বব্যাংক ও জেবিআইসি'র সুদের হার হচ্ছে শূন্য দশমিক ০১ শতাংশ। আর সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ। বর্তমানে দেশের বৃহত্তম যমুনা বহুমুখী সেতুর 'লিড ডোনার' ছিল বিশ্বব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২১১৬ঘ.