২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তার জন্য অকৃষি খাতে কৃষি জমির ব্যবহার কমাতে হবে: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি স্থাপনা ও বাড়িঘর নির্মাণসহ বিভিন্ন কারণে দেশে কৃষি জমির পরিমাণ কমে যাওয়া খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি এজন্য অকৃষি খাতে কৃষি জমির ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি স্থাপনা ও বাড়িঘর নির্মাণসহ বিভিন্ন কারণে দেশে কৃষি জমির পরিমাণ কমে যাওয়া খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি এজন্য অকৃষি খাতে কৃষি জমির ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা শনিবার 'জলবায়ুর পরিবর্তন: বাংলাদেশের খাদ্য নিরাপত্তা' বিষয়ক দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে রাজধানীর কৃষি গবেষণা পরিষদ (বার্ক) মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. এম শাহাদাদ হোসাইন এতে সভাপতিত্ব করেন। উপদেষ্টা এসময় জানান জলবায়ু পরিবর্তনের কুফল মোকাবেলায় করণীয় নির্ধারণে আগামী ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্য যৌথভাবে এতে অংশ নেবে এবং একটি সুপারিশমালা প্রণয়ন করবে। জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হয় বাংলাদেশে তার একটি। এ বিপদ মোকাবেলায় তৃতীয় বিশ্বের অনেক দেশের মতোই বাংলাদেশও ধনী দেশ তথা দাতাদের সহায়তার মুখাপেক্ষী। কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব এবিএম সিদ্দিক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. আবুল কাশেম সেমিনারে স্বাগত বক্তব্য দেন। সেমিনারের মূল নিবন্ধ উপস্থাপন করেন খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও মনিটরিং সেলের পরামর্শক ড. রেজাউল করিম তালুকদার। অনুষ্ঠানে সমিতির আট প্রবীণ সদস্যকে বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. মির্জ্জা আজিজ তার বক্তব্যে বলেন, "শস্যের উৎপাদন কম হওয়াই আমাদের খাদ্য সংকটের কারণ। যদিও বাংলাদেশে বর্তমানে খাদ্যশস্যের উৎপাদন প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এর ফলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে পাঁচ শতাংশ।" জলবায়ুর পরিবর্তন গোটা বিশ্বের মতো বাংলাদেশেও কৃষি উৎপাদন ব্যাহত করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, একইসঙ্গে স্থাপনা ও বাড়িঘর নির্মাণসহ বিভিন্ন কারণে দেশে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এতে কৃষি উৎপাদন কমছে। ফলে খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে অকৃষি খাতে কৃষি জমির ব্যবহার কমাতে হবে। উপদেষ্টা বলেন, কৃষি খাত ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সচেতন রয়েছে। তাই জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিসহ সার্বিক বিপর্যয় ঠেকাতে সরকার চলতি অর্থ বছর এ খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। গত অর্থ বছরেও এ খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৩০ঘ.