ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার 'বৃহত্তর নিরাপত্তার' নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আবদুল করিম।
সচিব শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' দুই দেশের মধ্যকার বৃহত্তর নিরাপত্তার নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব।''
বৈঠকে অংশ নিতে ভারতের স্বরাষ্ট্র সচিব মাধুকা গুপ্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন।
শনিবার বেলা ১২টায় রাজধানীর শেরাটন হোটেলে বৈঠক শুরু হবে।
স্বরাষ্ট্র সচিব বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
স্বরাষ্ট্র সচিব জানান, বৈঠকে দু'দেশের মধ্যে পালিয়ে থাকা সন্ত্রাসীদের আনাগোনা ও তাদের কার্যক্রম বন্ধ, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, নারী ও শিশু পাচার রোধ এবং তিন বিঘা করিডোরে যাতায়াতসহ সহজ করাসহ নানা বিষয়ে আলোচনা হবে।
রোববার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক-পরবর্তী এক সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
সফররত ভারতীয় স্বরাষ্ট্র সচিবের শনিবার সকালে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম এবং পরদিন বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এম এ মতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এসকে/১৯২৮ঘ.
bdnews24