নীলফামারী, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উজান থেকে নামা পানি এবং টানা বর্ষণে বর্ষণে তিস্তা নদীর ডান তীরবর্তী নীলফামারীর ডিমলা উপজেলার ১৯টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজের সব ক'টি গেট খুলে দেওয়ায় উজান থেকে নামা পানি এবং টানা তিনদিনের বৃষ্টিতে শুক্রবার সকাল থেকে তিস্তার পানি বাড়তে থাকে। পানির প্রবল চাপ সামলাতে তিস্তা ব্যারেজের (৪৪) সব ক'টি গেট খুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, তিস্তার পানি বাড়ায় ডিমলা উপজেলার ঝাড়সিংহেস্বর, দোহলপাড়া, কিসামতের চর, পশ্চিম খড়িবাড়ী, চরখড়িবাড়ী, ভাষানীর চর, উত্তর খড়িবাড়ী, তাপুর চর, দক্ষিণ খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, বাইশপুকুর, সতীঘাট, ছোটখাতা, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, উত্তর সোনাখুলী, জলঢাকা উপজেলার হলদীবাড়ি, পার গোপালঝাড়, ভবনচুর গ্রামের নিম্নাঞ্চল প্রায় তিন ফুট পানিরে নিচে তলিয়ে গেছে।
এ সব গ্রামের লোকজন ঘরবাড়ি ফেলে গরু ছাগল নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে আতিকুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24