২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা তদন্তেও আইনজীবীদের যুক্ত হওয়া দরকার: হাসান আরিফ

আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সরকার পক্ষের আইনজীবীরা মামলার তদন্ত থেকে বিচার পর্যন্ত পুরো প্রক্রিয়ায় যুক্ত না হলে যথার্থ ফল পাওয়া যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সরকার পক্ষের আইনজীবীরা মামলার তদন্ত থেকে বিচার পর্যন্ত পুরো প্রক্রিয়ায় যুক্ত না হলে যথার্থ ফল পাওয়া যাবে না। বৃহস্পতিবার পূর্ত ভবনে জেলা ও মহানগর পর্যায়ের সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় একজন আইনজীবী বলেন, পুলিশি তদন্তে সরকারি আইনজীবীদের সম্পৃক্ত করার জন্য আইন সংশোধন করা প্রয়োজন। আইন উপদেষ্টা আইন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "তদন্তের মাধ্যমে ঘটনার কারণ অনুসন্ধান করা হয় এবং বিচারের সময় নথিপত্র উপস্থাপন করা হয়। মামলার সঠিক ফলাফলের জন্য এ দুটো বিষয়ই শক্তিশালী হওয়া উচিত।" "মামলার তদন্ত থেকে বিচার পর্যন্ত সমস্ত প্রক্রিয়ায় আপনারা যুক্ত না হলে যথার্থ ফল পাওয়া যাবে না।" কুমিল্লার পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবুর রহমান বলেন, "আমরা অধিকাংশ সময় পুলিশের কাছ থেকে ত্র"টিপূর্ণ তদন্ত প্রতিবেদন পাই। এ কারণে সঠিকভাবে মামলা পরিচালনা করতে পারি না।" ময়মনসিংহের পিপি মোশাররফ হোসেন বলেন, "পুলিশ আমাদের সঙ্গে কোনোরকম আলোচনা বা পরামর্শ করে না। এতে তদন্ত দুর্বল হয় এবং মামলায় সরকার পক্ষ হেরে যায়।" বান্দরবানের পিপি ড. মহিউদ্দিন তদন্ত প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সরকারি আইনজীবীদের সরকারি তদারকি করার ক্ষেত্রে আইনি বাধার কথা তুলে বলেন, "পুলিশ রেগুলেশনসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা নেই। তাই পুলিশি তদন্তে আমাদের তদারকি করতে হলে আগে আইন সংশোধন করতে হবে।" তিনি আরো বলেন, "পর্যাপ্ত রেফারেন্স বইয়ের অভাবে সরকারি আইনজীবীরা অনেক সময় বেসরকারি আইনজীবীদের বিরুদ্ধে অসহায় বোধ করেন। তাই মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলায় পর্যাপ্ত রেফারেন্স বই পাঠানো উচিত।" ঢাকার জেলা পিপি মো. মোহসীন মিয়া বলেন, "একজন পিপি প্রতি কর্মদিবসে ২৫০ টাকা পান। এপিপিরা পান আরো কম। এই বিল তোলার জন্য কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় লাগে।" সরকারি আইনজীবীদের বেতন সর্বনিম্ন ১৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ এবং তাদের জন্য গাড়ি ও নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানান তিনি। সদ্য গঠিত অ্যাটর্নি সার্ভিস অধিদপ্তরের কাজ দ্রুত শুরুর জন্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান আইনজীবীরা। আইন উপদেষ্টা বলেন, "আপনারা যে সব সমস্যার কথা বললেন তার প্রায় সবই আমার জানা। মন্ত্রণালয় এগুলো সমাধানের চেষ্টা করবে।" সরকারি আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, "কোনও নিরপরাধ ব্যক্তি যেন গ্রেপ্তার না হয় সে ব্যাপারে আপনাদের সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সাক্ষী যেন নিরাপত্তাহীনতা বা হুমকির মধ্যে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলা ও মহানগরগুলোতে আগামী তিন বছরের জন্য ১ হাজার ২২৩ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যান্যের মধ্যে আইন সচিব কাজী হাবিবুল আওয়াল ও অ্যাটর্নি অধিদপ্তরের মহাপরিচালক মো. ইসরাইল হোসেন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমএইচবি/১৯৩৭ ঘ.