ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুরত্ব কমিয়ে আনতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।
বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে প্রবেশকালে সাংবাদিকের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুরত্ব কমিয়ে আনতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই দুরত্ব বাড়ার কোন প্রশ্নই ওঠেনা। দলগুলো নিজের কথা বলবে।"
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি চারটি শর্তে আটকে রয়েছে বলে যে অভিযোগ রয়েছে সে বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "কোন শর্তে মুক্তি আটকে নেই। আমরা একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সফল হব।"
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "সরকারের নিয়ন্ত্রণের বাইরে কোন কিছুই নেই। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।"
আগামী ডিসেম্বর মাসে এমন একটি অবাধ ও সুষ্টু নির্বাচন হবে যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে- একথা জানিয়ে তিনি বলেন, "ইনশাল্লাহ আগামী ১ জানুয়ারি থেকে দেখবেন, দেশে একটি নতুন, সুন্দর ও গণতান্ত্রিক সরকার রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৪৪১ ঘ.
bdnews24