ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বুধবার সাথী বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বামী মোশারফ হোসেন তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক ইউনূছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল ৮টার দিকে মাতুয়াইল কবরস্থান সড়কের 'আরব ভিলা' বাসার তালা ভেঙে সাথীর লাশ উদ্ধার করা হয়।
ইউনূছ আলী বলেন, "স্বামী মোশারফ হোসেন মঙ্গলবার রাতে সাথীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার পর দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।"
এ ব্যাপারে সাথীর আত্মীয় কানিজ কবীর একটি মামলা করেছেন। মোশারফকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২১২৪ ঘ.
bdnews24