ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানের করাইলে বুধবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে ছয়জন আহত হয়েছেন।
চাঁদার দাবিতে ওই হামলা হয়েছে বলে দাবি করেছেন গুলিতে আহতদের একজন।
স্থানীয় একটি রিকশা গ্যারেজের মালিক মুশাররফ (৩০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,তিনি বেলা সোয়া ১টার দিকে করাইল জামেয়া মোহাম্মদিয়া ইসলামীয়া মাদ্রাসার সামনে গ্যারেজের সামনে চা খাওয়ার সময় দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোঁড়ে। কোমরে গুলিবিদ্ধ অবস্থায় পাশের ডোবায় ঝাঁপ দেন মুশাররফ।
সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রিকশাচালক আলী আকবর (৫০) ও শাহিন (২২), ভ্যান চালক জহিরুল ইসলাম (২০), পোশাক শ্রমিক আব্দুল জলিল (১৭) এবং জয়নাল (২৮) নামে আরো পাঁচজন আহত হন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলা শেষে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
চিকিৎসাধীন রিকশা গ্যারেজ মালিক মুশাররফ জানান, বেশ কিছুদিন ধরে এলাকার সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করছিল। টাকা দিতে অস্বীকার করার কারণেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
গুলশান থানার উপ পরিদর্শক গুলশান আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, এই ঘটনার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মাহমুদ হাসান ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/এসএনডি/এসকে/১৮৪৭ঘ.
bdnews24