ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রায়সাহেব বাজারে মঙ্গলবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের ছোড়া ককটেলের আঘাতে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল ও এক আনছার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
এরা হলেন- কনস্টেবল মো. ফজলু (৩০), আনছার সদস্য বাচ্চু মিয়া (৩৫), শ্রমিক হাবুল (৩৭), ঠেলাগাড়ি চালক আব্দুল কাদের (৩৫) ও খলিল (৫০)।
আহত হাবলু ও কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আটটার দিকে রায়সাহেব বাজার মোড়ে শুভ হাডওয়্যারের সামনে শ্রমিকরা বস্তায় মালামাল ভরার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা পরপর ২/৩ টি ককটেল ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, "ঘটনার পর আমরা ঘটনাস্থলে কয়েকেজনকে জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু হামলাকারীদের কেউ চিনতে পারেনি বলে জানান।"
হামলার কোনো কারণ জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গত ২১ আগস্ট মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় টহল দেওয়ার সময় একইভাবে ককটেলের আঘাতে তিন পুলিশ কনস্টেবল আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এমএইচবি/২৩৩২ ঘ.
bdnews24