কিশোরগঞ্জ, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবাদ মেটাতে গিয়ে গ্রামবাসীর হামলায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গজারিয়া গ্রামে সোমবার রাতে তিন কর্মকর্তাসহ নয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছে।
তাড়াইল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।"
স্থানীয়রা জানায়, গজারিয়া গ্রামে একটি জলমহালের দখল নিয়ে হাদিস মিয়া ও এসহাক উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ কর্মকর্তা আবুল কালাম বলেন, "ওই গ্রামে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ সদস্যরা। রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে ফেরার সময় একদল গ্রামবাসী পুলিশ বহনকারী নৌকার ওপর হামলা চালায়। তারা ইট-পাটকেল ছুড়তে থাকে।"
গ্রামবাসীর হামলায় আহত পুলিশ কর্মকর্তারা হলেন- তাড়াইল থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম, আবুল কালাম ও ইমরান হোসেন। এছাড়াও আহত হন ছয় কনস্টেবল। তারা হলেন- রফিকুল ইসলাম, শাহাব উদ্দিন, সুকান্ত, মোশাররফ, মামুনুর রশিদ ও বিল্লাল হোসেন।
এর মধ্যে গুরুতর আহত কনস্টেবল রফিকুল ইসলামকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারী কাউকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা আবুল কালাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24