মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আবাসিক এলাকায় ও ব্যস্ত-গুরুত্বপূর্ণ সড়কের পাশে ভাড়া বাড়িতে পরিচালিত বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিন মাসের মধ্যে অন্যত্র সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব এলাকায় নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালুর অনুমতিও দেয়া হবে না।
এছাড়া, ঢাকা শহরের 'সব শিক্ষা প্রতিষ্ঠানের' ক্লাস সকাল সাড়ে ৭টায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ২০ আগস্ট মন্ত্রণালয় এসব সিদ্ধান্তের বিষয়ে একটি পরিপত্র জারি করে।
পরিপত্রে বলা হয়, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কারণে অতিরিক্ত যানজট, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি, অপ্রীতিকর ঘটনা সৃষ্টি ও ভিভিআইপিদের চলাচলের সময় নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে। এ কারণে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে ফেলা ও সকালের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে বলা হয়, গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কের পাশে ভাড়া করা বাড়িতে পরিচালিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোগুলোকে আগামী তিন মাসের মধ্যে অন্যত্র নিজস্ব ক্যাম্পাস বা ভাড়া বাড়িতে সরে যেতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না তা পর্যবেক্ষণ করবে। কোনো প্রতিষ্ঠান নিদের্শনা না মানলে তাদের অনুমোদন, সাময়িক অনুমোদন, শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন (প্রযোজ্য ক্ষেত্রে) বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্্র মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
দেশে বর্তমানে ৫১টি বেসরকারি বিশ^বিদ্যালয় রয়েছে। এর অধিকাংশই রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়কের পাশে ভাড়া করা বাড়িতে পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/জিএনএ/১৮৪৬ ঘ.
bdnews24