২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরু বুধবার

নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর আবেদনের সময় ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ শেষে আগামী ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করতে চায় কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর আবেদনের সময় ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ শেষে আগামী ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করতে চায় কমিশন। ইসি বলছে, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে হলে দলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। অনিবন্ধিত দলগুলো নিবন্ধিত কোনো দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করার সুযোগ পেলেও তারা নিজস্ব দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সোমবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা রাজনৈতিক দলের নিবন্ধনের সময় ঘোষণা দেন। সিইসি বলেন, "নতুন নির্বাচনী আইনের আলোকে রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তা চূড়ান্ত করে নিবন্ধনের জন্য ২৭ আগস্ট গণমাধ্যমে প্রজ্ঞাপন জারি করা হবে।" গত ১৯ আগস্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ জারি হয়। শামসুল হুদা বলেন, "১৭টি রাজনৈতিক দলের সঙ্গে দু'দফা এবং গণমাধ্যম, সুশীল সমাজ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংলাপের পর নির্বাচন কমিশনের প্রস্তাবনা অনুসারেই সরকার নির্বাচনী আইন চূড়ান্ত করেছে। আইনটি আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রয়োগ করা হবে।" এদিকে, নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো রাজনৈতিক দল স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চাইলে অবশ্যই নিবন্ধন করতে হবে। তবে অনিবন্ধিত দলগুলোর নিবন্ধিত কোনো দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে অনিবন্ধিত দলগুলা নিজস্ব দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। সংবাদ সম্মেলনে সিইসি বলেন, "রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসি অনেক কঠিন শর্ত প্রস্তাবনায় রাখলেও সরকার প্রক্রিয়া অনেক সহজ করেছে। নিবন্ধন করতে দলগুলোর এখন আর অসুবিধা হবে না।" নিবন্ধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে ইসি নিয়ন্ত্রণ করতে চায়- বিভিন্ন দলের এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, "রাজনৈতিক দলকে ইসি কোনোভাবে নিয়ন্ত্রণ বা দেশে বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু করতে চায় না। নিবন্ধন মানে এই নয় যে, এটি না করলে রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না, নির্বাচনে অংশ নেওয়ার জন্যই নিবন্ধন করতে হবে।" প্রসঙ্গত, নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী এ বছর জুনেই শেষ হওয়ার কথা ছিল দলগুলোর নিবন্ধন। আইন প্রনয়নে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেন সিইসি। সবার সহযোগিতার মাধ্যমে নির্ধারিত সময়েই দলগুলোর নিবন্ধন সম্ভব হবে বলে আশা রাখেন তিনি। রাজনৈতিক দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য কাউন্সিল অনুষ্ঠান করতে সারাদেশে জরুরি অবস্থা শিথিল করা প্রয়োজন মন্তব্য করে সিইসি বলেন, "কোনো দল ইসিকে অনুরোধ জানালে সরকারকে আমরা জরুরি অবস্থা শিথিল করতে বলব। এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ করব সরকারকে।" সংবাদ সম্মেলনে দুই নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন ও নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ন কবির উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসএনডি/জিএনএ/১৮৩১ ঘ.