ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাথায় আঘাত পাওয়া তারেক রহমান শঙ্কামুক্ত নন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তারেক। চিকিৎসকরা বলছেন, তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের প্রধান ফটকে বেলা দুইটার দিকে হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "তারেক রহমানের বর্তমান পরিস্থিতির জন্য সরকারই দায়ী। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে ৪৮ ঘণ্টার আগে তারেক রহমান শঙ্কামুক্ত নন।"
তারেকের আহত হওয়ার খবর পেয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, আবু সাইদ খান খোকন, রিয়াজউদ্দিন নশু, মাহবুবুল হক নান্নুসহ শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধু হাসপাতালে যান।
তবে পুলিশি বাধায় তারা কেউ তারেকের সঙ্গে দেখা করতে পারেননি। একমাত্র তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে প্রিজন সেলে দেখা করার অনুমতি দেওয়া হয়। বেলা সোয়া ২ টার দিকে স্বামীকে দেখতে হাসপাতালে যান ডা. জোবায়দা। বিকেল সোয়া ৪টার দিকে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর তারেকের আইনজীবী আহমেদ আজম খান সাংবাদিকদের জানান, চিকিৎসকরা ডা. জোবায়দাকে বলেছেন, বাথরুমে পড়ে যাওয়ার পর অজ্ঞান অবস্থায় তারেক রহমানকে উদ্ধার করা হয়। তার অবস্থা শঙ্কামুক্ত নয়।
তারেক আঘাত পাওয়ার পর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক অধ্যাপক এম এ আউয়াল ও আর্থোসকপি এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাজহারুল ইসলাম দোলন জানান, বিএনপির যুগ্ম মহাসচিবকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
অধ্যাপক আউয়াল বলেন, "দুুপুর ১২টা ১০ মিনিটের দিকে টয়লেটে পিছলে পড়ে গিয়ে তারেক রহমান মাথার ডান দিকে আঘাত পান। আঘাতপ্রাপ্ত স্থানটি ফুলে ওঠেছে। তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।"
ডা. মাজহারুল ইসলাম জানান, বেসিনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে তারেকের মাথার ডান দিকে কানের কাছে আঘাত লাগে। এতে তিনি কোমর, হাটু ও গোড়ালিতে ব্যথা পেয়েছেন।
কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান জানান, তারেক রহমান বাথরুমে পড়ে গিয়ে পিঠে ও কপালে ব্যথা পেয়েছেন। সিটিস্ক্যানসহ পরবর্তী চিকিৎসা চলছে।
২০০৭ সালে ৮ মার্চ গ্রেপ্তারের পর তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রিজনসেলে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এএল/এসএনডি/জিএনএ/১৬০৫ ঘ.
bdnews24