২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের আঘাতের খবরে ক্যাম্পাসে ভাংচুর-আগুন

বাথরুমে পড়ে গিয়ে কারাবন্দি তারেক রহমানের আঘাত পাওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাথরুমে পড়ে গিয়ে কারাবন্দি তারেক রহমানের আঘাত পাওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের একটি সমাবেশ চলার সময় তারেকের আঘাত পাওয়ার খবর এলে নেতাকর্মীরা মিছিল করতে করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক সেখানেই প্রিজন সেলে চিকিৎসাধীন। শাহবাগ মোড়ে পুলিশ ছাত্রদলের মিছিল হটিয়ে দিলে তারা চারুকলা ইন্সটিটিউটের সামনে কার, মাইক্রোবাস ও মিশুকসহ ১০ থেকে ১২টি গাড়ি ভাংচুর করে। একই সময় ছাত্রদলের নেতাকর্মীরা রোকেয়া হলের সামনে একটি কালো ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয়। নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয় প্রবেশ পথে ছাত্রদল নেতাকর্মীরা ব্যারিকেড দিয়ে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা কিছু সময়ের মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায়ও ছড়িয়ে পড়ে। দুপুর ১টার দিকে দুটি এলাকায় ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/জিএনএ/এমআই/১৪১৬ ঘ.