ঢাকা, ২৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় রোববার চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। বগুড়া সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, বালাগঞ্জ উপজেলার নিরাইয়ারপুল ও তাজপুর কদমতলা বাজারে এ দু'টি দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নন্দন ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে নিরাইয়ারপুল এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও শেরপুর থেকে আসা সিএনজি অটো রিকশার মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন নিহত ও চারজন আহত হন।
নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের ইছমাইল আলী (৫০), তার মেয়ে সিমলা বেগম (৪) এবং আলী নূর (২৫)।
আহতরা হলে- ফুলারা বেগম (৩০), সোনা মিয়া (২২), আবদুস শহীদ (২৮) ও নাজমুল হক (২২)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আহত ও নিহতরা সবাই অটোরিকশার আরোহী। তারা হবিগঞ্জের চন্দ্রছড়ি পীরের ওরস থেকে বাড়ি ফিরছিলেন।
অপর দুর্ঘটনা ঘটে ভোর সাড়ে ৬টার দিকে ওসমানী নগরে।
উপ-পরিদর্শক নন্দন ধর জানান, সিলেট থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাজপুর কদমতলা বাজারে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আমাদের বগুড়ায় প্রতিনিধি জানান, বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার মহাস্থান মাঝিপাড়া এলাকায় দুপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও অপর ১০ যাত্রী আহত হয়েছেন।
নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোকামতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামছুল আলম জানান, দুপুর সাড়ে ১২টায় হিলি থেকে ছেড়ে আসা বগুড়াগামী আর এস এস পরিবহন এবং ময়মনসিংহ থেকে আসা পঞ্চগড়গামী কাজী এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩৬ ঘ.
bdnews24