ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে পুলিশের ধর্ষণের শিকার হয়ে নিহত গৃহপরিচারিকা ইয়াসমিন হত্যার ত্রয়োদশ বার্ষিকী পালিত হয়েছে রোববার। দিনটিকে 'নারী নির্যাতন প্রতিবাদ দিবস' হিসেবে পালন করেছে 'জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম'।
এ উপলক্ষ্যে রাজধানীর বেঙ্গল ক্যাফেতে এক আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে একটি মিডিয়া ফোরাম গঠনের পরামর্শ দেন।
অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি ফারাহ কবীর বলেন, "কোনো নারী ধর্ষিত হয়ে খুন হলে প্রশাসন তা স্বীকার করতে চায় না। তাকে পতিতা বলে আখ্যায়িত করা হয়, নয়তো প্রেমের সম্পর্ক ছিল বলে অপপ্রচার চালায়।"
নারী নির্যাতন প্রতিরোধে গণমাধ্যম কর্মীসহ সবাইকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ইয়াসমিন হত্যাকে কেন্দ্র করে দিনাজপুরে গড়ে ওঠা গণআন্দোলনের অন্যতম নেত্রী রাজিয়া হোসেন বলেন, "সে সময় দিনাজপুরের মানুষ সব কিছুকে তুচ্ছ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাদের ও গণমাধ্যমের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া আন্দোলন সফল করা সম্ভব ছিল না।"
তিনি বলেন, "এখনো নারীরা নির্যাতিত হচ্ছে। কিন্তু বিচার পাচ্ছেন না।"
এজন্য নারী নির্যাতন আইনের সংস্কার এবং দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান রাজিয়া হোসেন।
১৯৯৫ সালের ২৪ আগস্ট অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে দিনাজপুরে পুলিশের ধর্ষণের শিকার হন ১৪ বছরের ইয়াসমিন আখতার। পরে তাকে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সে সময় দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র আন্দোলন গড়ে উঠে। আন্দোলন দমাতে পুলিশ গুলি চালালে নিহত হন সামু, সিরাজ, কাদেরসহ অন্তত সাতজন।
পরবর্তীতে ২০০৪ সালে আদালত দোষী তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়। আর ইয়াসমিন হত্যার পরের বছর, অর্থাৎ ১৯৯৬ সাল থেকে বেশ কিছু মানবাধিকার ও নারী সংগঠন ২৪ আগস্ট 'নারী নির্যাতন প্রতিবাদ দিবস' হিসেবে পালন করে আসছে।
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে নিউএজ সম্পাদক নূরুল কবীর, আইনজীবী ও সাংবাদিক নাহিদ সুলতানা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/জেকে/২১১৪ ঘ.
bdnews24