২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষায় দূতাবাসগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষায় 'প্রতারক' রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও জনশক্তি রপ্তানিকারক বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কঠোর নীতিমালার আওতায় আনার পাশাপাশি দূতাবাসগুলোকে এ ব্যাপারে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ও নাগরিক সংহতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষায় 'প্রতারক' রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও জনশক্তি রপ্তানিকারক বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কঠোর নীতিমালার আওতায় আনার পাশাপাশি দূতাবাসগুলোকে এ ব্যাপারে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ও নাগরিক সংহতি। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক সংহতি ও অ্যাকশন এইডের যৌথ আয়োজনে 'অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষায় করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভায় সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়। সভার মূল প্রবন্ধে অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষায় প্রতারক রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ, জনশক্তি রপ্তানিকারক বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কঠোর নীতিমালার আওতায় আনা ও দূতাবাসগুলোকে এ ব্যাপারে আরো দায়িত্বশীল করাসহ মোট ১৩টি সুপারিশ জানানো হয়। সভায় বক্তারা জানান, মূলত উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে অভিবাসী বাংলাদেশী শ্রমিকরা দেশের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের অধিকার লঙ্ঘনের শিকার হয়ে থাকেন। এছাড়াও অভিবাসী শ্রমিকদের অধিকার সংরক্ষণে সরকারের উপযুক্ত নীতিমালা ও বর্তমান নীতিমালার বাস্তবায়নে উপযুক্ত পদক্ষেপের অভাবও শ্রমিক নিগ্রহের একটি বড় কারণ। সভায় কুয়েতে পুলিশের হাতে নির্যাতিত শ্রমিক দিদারুল আলম জানান, শ্রমিকদের দুর্দশা লাঘবে কুয়েতে বাংলাদেশী মিশনের কোন কার্যকর ভূমিকা ছিল না। নিজ দেশের শ্রমিকদের ওপর হামলার কোনো প্রতিবাদ পর্যন্ত জানানো হয়নি। বিভিন্ন দূতাবাসের অযোগ্য ও দায়িত্বহীন কর্মীদের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, "প্রবাসীদের পাঠানো বিদেশি মুদ্রা যদি আমাদের কেন্দ্রীয় ব্যাংকে না থাকতো, তাহলে দেশে কোন বিদেশি বিনিয়োগ আসতো না। কারণ বিনিয়োগকারীরা তাদের লভ্যাংশ ডলারে নেয়, টাকায় না।" তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা করতে দেশের মধ্যেই আগে আন্দোলন শুরু করতে হবে। দেশে সচেতনতা তৈরি করতে পারলে বিদেশে গিয়ে শ্রমিকরা অধিকার লঙ্ঘনের শিকার হবে না। বাংলাদেশ জনশক্তি রপ্তানিকারক সমিতির (বায়রা) সভাপতি গোলাম মোস্তফা বলেন, "দক্ষ কর্মী তৈরির জন্য উপজেলা পর্যায় থেকেই প্রকৌশল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা দরকার। এছাড়া শ্রমিকদের ভাষা শিক্ষার বিষয়টি বাধ্যতামূলক করা উচিত।" তিনি আরো বলেন, "বাংলাদেশে এখন রাজনৈতিক কূটনীতির প্রয়োজন নেই, প্রয়োজন অর্থনৈতিক কূটনীতি এবং অভিবাসন-বান্ধব বৈদেশিক নীতিমালা।" সরকারি সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী বলেন, "অভিবাসনের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের সম্পদের ওপরেও চাপ কমে। এটাই অভিবাসনের সবচেয়ে বড় প্রভাব। কিন্তু সরকার অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রটিকে গুরুত্ব সহকারে নিতে ব্যর্থ হয়েছে।" লিবিয়া ফেরত প্রকৌশলী সরকার আমিন বলেন, "যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের অভাব থাকায় বাংলাদেশী শ্রমিকদের বিদেশে অনেক নিচু দৃষ্টিতে দেখা হয়। শিক্ষা না থাকায় তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়।" বেসরকারি সংস্থা নাগরিক সংহতির সভাপতি ড. এ এস এম আতীকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত আমীন আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/টিএইচ/জিএনএ/১৯২৫ ঘ.