ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় সাত ছাত্রের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা থেকে এ অনুরোধ জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, "সিন্ডিকেট সদস্যরা মনে করেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার গুরুদায়িত্ব ছাত্র-শিক্ষক-সরকারসহ সংশ্লিষ্ট সব মহলের। এজন্য সর্বোচ্চ সহানুভূতি ও সহৃদয়তার সঙ্গে সাত জন ছাত্রের বিরুদ্ধে এখনও যে মামলাটি চলছে সিন্ডিকেট তা প্রত্যাহারের অনুরোধ করছে।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।
এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও সভা-সমাবেশ থেকে একই দাবি জানায়।
গত বছরের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সেনা সদস্যের সঙ্গে অপ্রীতিকর ঘটনার জের ধরে সহিংস ছাত্র বিক্ষোভের ঘটনায় শিক্ষক ও ছাত্রদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। অধিকাংশ মামলা পরে প্রত্যাহার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা রয়ে যায়।
ওই সাত ছাত্র বর্তমানে জামিনে মুক্ত আছেন। মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার তারাও ক্যাম্পাসে সমাবেশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/১৩২২ ঘ.
bdnews24