ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও শ্রদ্ধায় আনত হিন্দু ধর্মালম্বীরা। গীতাযজ্ঞ, আনন্দ শোভাযাত্রা, পূজাঅর্চনা, আলোচনা সভা, কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে রোববার সারাদেশে পালিত হচ্ছে কৃষ্ণের জন্মদিন- জন্মাষ্টমী।
দিনটি উপলক্ষে রোববার ছিল সরকারি ছুটি।
বিকেলে ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা শোভাযাত্রা উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক দূর্গাদাস ভট্টাচার্য, পিডিপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন এ রফিকুল হোসেন, ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজীব চৌধুরী প্রমুখ।
সাদেক হোসেন খোকা বলেন, "ঢাকার সূচনা লগ্ন থেকেই জন্মাষ্টমীর এ শোভাযাত্রা চলে আসছে। এটাকে এখন আমাদের ঐতিহ্যের অংশ হিসেবেই দেখতে হবে।"
তিনি বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশ তৈরি করেছি। পৃথিবীর বুকে এ দেশ যতদিন থাকবে, ততদিন সব ধর্মের মানুষের সমান অধিকারও থাকবে।"
ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু শোভাযাত্রাটি শহীদ মিনার, দোয়েল চত্বর, মুক্তাঙ্গন ঘুরে গুলিস্তান ও ইসলামপুর হয়ে পুরোনো ঢাকার বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে গীতাযজ্ঞের মধ্য দিয়ে সার্বজনীন পূজা উদযাপন কমিটির দু'দিনের কর্মসূচি শুরু হয়। রাতে হবে কৃষ্ণপূজা।
রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দির, পুরান ঢাকার কৈলাশ ঘোষ লেনের শ্রী শ্রী রাধা মাধব জিউ দেব বিগ্রহ মন্দির, সূত্রাপুরে রাধা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরে সকাল থেকে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদিত হয় শ্রীকৃষ্ণের উদ্দেশে। অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় সঙ্গীত পরিবেশনা, মহাপ্রসাদ বিতরণ ও আলোচনা সভা।
ফার্মগেটের মণিপুরী পাড়ায় শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘেও চলছে দু'দিনব্যাপী অনুষ্ঠান।
সকালে সাড়ে ১০টায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও অধ্যাপিকা আনোয়ারা বেগম জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গবভবনে হিন্দু স
bdnews24